২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরাক পরিস্থিতি বিপজ্জনক’

ইরাক পরিস্থিতি বেশ বিপজ্জনক এবং গোত্র সংঘাত ও আল কায়দার তৎপরতা সেখানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে এ মুহূর্তের সবচেয়ে বড় হুমকি। সর্বসাম্প্রতিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ কথাই বলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট শুক্রবার এ তথ্য জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 03:30 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ইরাকে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে দেশে চলমান বিতর্কের মধ্যেই এ ধরনের প্রতিবেদন দিল গোয়েন্দা সংস্থা। ৯০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ইরাকের ভবিষ্যত পরিণতি গৃহযুদ্ধ কি না, তা স্পষ্ট করে বলা হয়নি। তবে গোত্র যুদ্ধের  অবসান ঘটিয়ে চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে বর্তমান ইরাকি নেতৃত্বের সাফল্যের বিষয়ে সংশয় প্রকাশ করা হয়।

ওয়াশিংটন পোস্ট জানায়, প্রতিবেদনে ইরানের বিষয়ে তেমন কিছু বলা হয়নি। যদিও ইরাকে সহিংসতায় মদদ যোগানোর জন্য যুক্তরাষ্ট্র ইরানকেই অভিযুক্ত করে আসছে।

প্রতিবেদন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা পত্রিকাটিকে জানান, বর্তমান প্রতিবেদনে ২০০২ সালের দেওয়া প্রতিবেদনের সঙ্গে ভিন্নমত প্রকাশ করা হয়েছে। ২০০২ সালের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরাকে বিপুল পরিমাণ গণবিধ্বংসী রাসায়নিক ও জীবাণু অস্ত্র রয়েছে। যা পরে ভুল প্রমাণিত হয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জন নেগ্রোপন্টে বৃহস্পতিবার নতুন প্রতিবেদনের মূল বিষয়গুলো প্রেসিডেন্ট বুশকে জানান। শুক্রবার এটা কংগ্রেসকে জানানো হবে। একই দিনই প্রতিবেদনটি সর্বসমক্ষে প্রকাশ করা হবে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টিলিজেন্স কাউন্সিল প্রতিবেদনটি তৈরি করে।