২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটিশ পুলিশ

ব্রিটিশ পুলিশ গ্রেপ্তারকৃত নয় সন্দেহভাজন সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করেছে। বুধবার মধ্য ইংল্যান্ডের বার্মিংহাম শহর থেকে এদের গ্রেপ্তার করা হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 03:44 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সরকার জানান, দেশজুড়ে চলা অভিযানের অংশ হিসেবে এদের গ্রেপ্তার করা হয়েছে। তবে সরকার কিংবা পুলিশ কারো পক্ষ থেকেই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

এরা এক ব্রিটিশ মুসলিম সেনাকে অপহরণ ও সম্ভবত হত্যার পরিকল্পা করছিল বলে বুধবার দেশটির প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র নিশ্চিত করে। প্রচারমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ইন্টারনেটে প্রচারিত ইরাকে জঙ্গিদের দ্বারা পশ্চিমা নাগরিকদের অপহরণের পর জবাইয়ের ভিডিওচিত্রের অনুকরণে তাকে হত্যা করা হতো।

পুলিশ ইতোমধ্যে পাওয়া বিচ্ছিন্ন তথ্য জোড়া দিয়ে বড় ধরনের তদন্তের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল ডেভিড শ।

তিনি বলেন, “কয়েক মাস চেষ্টার পর সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেপ্তারের ঘটনা আক্ষরিক অর্থেই পুলিশকে বড় ধরনের তদন্ত পরিচালনার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।” 

গোয়েন্দারা গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী তৎপরতা চালানো, এর প্রস্তুতি গ্রহণ কিংবা সন্ত্রাসবাদে মদদদানের’ অভিযোগ আনেন।

সরকারি নীতিনির্ধারণে পরামর্শদাতা প্রতিষ্ঠান লন্ডনভিত্তিক চাথাম হাউসের এক সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষজ্ঞ শেন ব্রাইটনের মতে এ ঘটনা থেকে নিশ্চিতভাবে ব্রিটেনের ওপর আল কায়েদার অনুকরণে বড় ধরনের হামলার দিকনির্দেশনা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা কোন দেশের তা জানা না গেলেও পাকিস্তান ও বার্মিংহামে বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভুতদের সঙ্গে এ ধরনের ঘটনার ঐতিহাসিক যোগসূত্র আছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “এ থেকে বোঝা যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত গ্র“পগুলোর কাছ থেকে ব্রিটেন অনেক বড় ঝুঁকির মধ্যে রয়েছে।”

ইউরোপের অনেক স্থানেই এ ধরনের ঝুঁকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃটিশ নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা সেদেশে যেকোনো সময় বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। এর আগে ২০০৫ সালে বৃটিশ পরিবহন ব্যবস্থার ওপর এক হামলায় ৫২ জন নিহত হওয়ার পর আরো হামলার আশঙ্কায় দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছিল।