২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষুব্ধ পাকিস্তানে স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা

বেনজির ভুট্টোর মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা বিক্ষুব্ধ পাকিস্তানে জীবনযাত্রা সোমবার থেকে স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। এ কদিনে সহিংস অস্থিরতার কারণে পাকিস্তানের জীবনযাত্রা অচল হয়ে পড়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

করাচি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেনজির ভুট্টোর মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা বিক্ষুব্ধ পাকিস্তানে জীবনযাত্রা সোমবার থেকে স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। এ কদিনে সহিংস অস্থিরতার কারণে পাকিস্তানের জীবনযাত্রা অচল হয়ে পড়েছিল। বেনজিরের মৃত্যুর পরপরই সহিংস দাঙ্গা, জ্বালাও পোড়াও, ভাংচুরের ঘটনায় ভুতুৃড়ে নগরীতে পরিণত হওয়া করাচি আবার সচল হচ্ছে। লোকজন কাজকর্মে যোগ দিচ্ছে। তিনদিন বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে দোকানপাট, ব্যাংক, পেট্রোলপাম্প। শুরু হয়েছে ব্যবসা-বাণিজ্য। রাস্তায় শুরু হয়েছে যান চলাচল। তবে নগরীতে এখনও যানজট লাগার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। স্কুল এখনও বন্ধ রয়েছে। সব কর্মচারিও কাজে যোগ দেয়নি। ফলে পরিস্থিতি পুরো স্বাভাবিক নয়। জনমনে এখনও আতঙ্ক বিরাজ করছে। ২৫ বছর বয়সী মহসিন সিদ্দিকির কথায়, "পরিস্থিতি এখনও নাজুক। তবে একটি ভালো ব্যাপার হচ্ছে বেনজিরের দল শান্তির আহ্বান জানিয়ে নির্বাচনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে পরিস্থিতি শান্ত হয়ে আসতে পারে। জীবনযাত্রা ইতোমধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে।" উল্লেখ্য, বেনজির নিহত হওয়ার পরপরই দেশজুড়ে বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়। বিশেষ করে সবচে বেশি সহিংসতার ঘটনা ঘটে সিন্ধুতে। বেনজিরের বিক্ষুব্ধ সমর্থকরা সহিংস বিক্ষাভ শুরু করায় পুলিশ দেখামাত্র গুলির পদক্ষেপ নিতে বাধ্য হয়। সহিংসতায় নিহত হয় কমপক্ষে ৪৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৩ঘ.