২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পর সৃষ্ট জটিল পরিস্থিতিতে দেশটিতে আগামী জানুয়ারি মাসের নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সোমবার বৈঠকে বসছে নির্বাচনী কর্মকর্তারা। বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় বেনজির ভুট্টো নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে অসন্তোষের পাশপাশি সহিংসতা ছড়িয়ে পড়ে পাকিস্তানের সর্বত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 09:11 PM

করাচি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পর সৃষ্ট জটিল পরিস্থিতিতে দেশটিতে আগামী জানুয়ারি মাসের নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সোমবার বৈঠকে বসছে নির্বাচনী কর্মকর্তারা। বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় বেনজির ভুট্টো নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে অসন্তোষের পাশপাশি সহিংসতা ছড়িয়ে পড়ে পাকিস্তানের সর্বত্র। এমন পরিস্থিতিতে পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশটির স্থিতিশীলতা ও বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা নিয়ে সৃষ্টি হয়েছে আশঙ্কার। তাছাড়া পাকিস্তানকে সামরিক শাসন থেকে বেসামরিক শাসনে নেওয়ার লক্ষ্যে আগামী ৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচন নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়েও সংশয় বেড়েই চলেছে। ৮ জানুয়ারির নির্বাচন ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সাবেক ক্ষমতাসীন দলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। পাকিস্তান মুসলিম লীগ (কিউ) এর ঊর্ধ্বতন কর্মকর্তা তারিক আজিম খান বলেন, "নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। নির্বাচন ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে যেতে পারে।" গত মাসে মুশাররফ তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগ পর্যন্ত শাসনক্ষমতায় ছিল পাকিস্তান মুসলিম লীগ (কিউ)। এদিকে, টানা নৈরাজ্যকার পরিস্থিতির পর সোমবার সকালে পাকিস্তানের প্রধান প্রধান শহরগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার লক্ষণ দেখা গেছে। বেনজির হত্যাকাণ্ডের পর কার্যত ভুতুড়ে নগরীতে পরিণত হওয়া পাকিস্তানের সবচেয়ে বড় নগরী করাচিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তিনদিনের জাতীয় শোকের জন্য বন্ধ থাকা এখানকার ব্যাংক ও মার্কেটগুলো খুলেছে। রাস্তায় চলাচল করছে গাড়ি ও মটরবাইক। তবে এক কোটি ৪০ লাখ লোকের বসতিপূর্ণ শহরটির স্বাভাবিক যানজট দেখা যায়নি। রোববার বেনজির ভুট্টোর ১৯ বছর বয়সী ছেলে বিলাওয়াল তার দল পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি মনোনীত হয়েছেন যুগ্ম চেয়ারম্যান। জারদারি জানিয়েছেন, পিপিপি আগামী ৮ জানুয়ারির নির্বাচনে অংশ নেবে। পিপিপির এই ঘোষণার পর নওয়াজ শরীফের দল বয়কটের সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। যুগ্ম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই এক সংবাদ সম্মেলনে জারদারি জানান, তার দল আগামী ৮ জানুয়ারির নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, "এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমরা নির্বাচন করব। কেননা বেনজির নির্বাচনে অংশ নেওয়ার পক্ষেই ছিলেন।" পিপিপির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর নওয়াজ শরীফের দলের এক মুখপাত্র জানিয়েছে, তারা বয়কটের সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছে। দলীয় মুখপাত্র আহসান ইকবাল বলেন, "বেনজির আত্মঘাতী হামলায় নিহত হওয়ার পরও যদি পিপিপি নির্বাচন করতে পারে তাহলে আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার কোনো যু্িক্ত আছে বলে মনে হয় না।" দক্ষিণাঞ্চলীয় শহর নওদেরোতে বৈঠকের পর পিপিপির নেতারা ঘোষণা দেন, "দল সিদ্ধান্ত নিয়েছে বিলাওয়াল হবেন দলের চেয়ারম্যান ও আসিফ জারদারি হবেন যুগ্ম চেয়ারম্যান।" বিলাওয়াল বা আসিফ জারদারির মধ্যে যে কোনও একজনের পিপিপির নতুন নেতা হওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩২০ ঘ.