২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মন্ত্রীপরিষদে যোগ দিল নেপালের মাওবাদীরা

রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণার তিনি দিনের মাথায় আবারও অর্ন্তবর্তী সরকারে যোগ দিল নেপালের মাওবাদীরা। এর ফলে শান্তি প্রক্রিয়া নিয়ে গত তিন মাসের অচলাবস্থার অবসান হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

কাঠমান্ডু, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণার তিনি দিনের মাথায় আবারও অর্ন্তবর্তী সরকারে যোগ দিল নেপালের মাওবাদীরা। এর ফলে শান্তি প্রক্রিয়া নিয়ে গত তিন মাসের অচলাবস্থার অবসান হল। গত শুক্রবার রাজতন্ত্র বিলুপ্ত করার ঐতিহাসিক প্রস্তাব অনুমোদন করে নেপালের প্রাদেশিক পার্লামেন্ট। শান্তি চুক্তি এগিয়ে নিতে মাওবাদীদের সঙ্গে করা রাজনৈতিক চুক্তির অংশ হিসাবে সরকার রাজতন্ত্র বিলোপ প্রশ্নে পার্লামেন্টে ভোট অনুষ্ঠান করে। ৩২৯ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ২৭০ ভোটে পাস হয় ওই প্রস্তাব। মাত্র তিনটি ভোট প্রস্তাবের বিপক্ষে পড়ে। মাওবাদীরা নির্বাচনের আগেই অবিলম্বে নেপালে রাজতন্ত্র অবসানের দাবি জানিয়ে আসছিল। কিন্তু সরকার নবনির্বাচিত গণপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে ছিল। এ নিয়ে বিরোধে মাওবাদীরা তিনমাস আগে সরকার থেকে বেরিয়ে যায়। ফলে পিছিয়ে যায় নভেম্বরের নির্ধারিত গণপরিষদ নির্বাচন। সরকারে যোগ দিয়ে স্থানীয় উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোনীত হওয়ার পর মাওবাদী নেতা দেব গৌরঙ্গ বলেন, "এই সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা।" তিনি আরও বলেন, "নির্বাচন অনুষ্ঠানে জন্য প্রয়োজনীয় নতুন আইন করা হবে অথবা বর্তমান আইন সংশোধন করা হবে। এটা করতে কয়েক দিন সময় লাগবে। তার পরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।" নেপালে ২৪০ বছরের রাজতন্ত্র অবসানে মাওবাদীদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে এই ভোটাভুটির সুযোগ সৃষ্টি হয়। তবে আগামী বছর মধ্য এপ্রিলে নবনির্বাচিত গণপরিষদের প্রথম বৈঠকের পরই নেপালকে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র ঘোষণা করা হবে বলে জানিয়েছে সরকার। নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করতে অন্তর্বর্তী সংবিধানে একটি ধারা সংযোজনের জন্যই শুক্রবার পার্লামেন্টে ভোট অনুষ্ঠান করা হয়। পার্লামেন্টের স্পিকার সুবাস নেমওয়াং বলেন, "এটি এক ধরনের আপোস।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২২ ঘ.