২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলাওয়াল ও জারদারির যুগ্ম নেতৃত্বে পিপিপি

আত্মঘাতী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর তরুণ ছেলে বিলাওয়াল তার দল পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি মনোনীত হয়েছেন যুগ্ম চেয়ারম্যান। জারদারি জানিয়েছেন, পিপিপি আগামী ৮ জানুয়ারির নির্বাচনে অংশ নেবে। পিপিপির এই ঘোষণার পর নওয়াজ শরীফের দল বয়কটের সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। (আরও তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

নওদেরো, পাকিস্তান, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আত্মঘাতী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর তরুণ ছেলে বিলাওয়াল তার দল পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি মনোনীত হয়েছেন যুগ্ম চেয়ারম্যান। জারদারি জানিয়েছেন, পিপিপি আগামী ৮ জানুয়ারির নির্বাচনে অংশ নেবে। পিপিপির এই ঘোষণার পর নওয়াজ শরীফের দল বয়কটের সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। (আরও তথ্যসহ ৩) যুগ্ম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই এক সংবাদ সম্মেলনে জারদারি জানান, তার দল আগামী ৮ জানুয়ারির নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, "এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমরা নির্বাচন করব। কেননা বেনজির নির্বাচনে অংশ নেওয়ার পক্ষেই ছিলেন।" পিপিপির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর নওয়াজ শরীফের দলের এক মুখপাত্র জানিয়েছে, তারা বয়কটের সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছে। দলীয় মুখপাত্র আহসান ইকবাল বলেন, "বেনজির আত্মঘাতী হামলায় নিহত হওয়ার পরও যদি পিপিপি নির্বাচন করতে পারে তাহলে আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার কোনো যু্িক্ত আছে বলে মনে হয় না।" দক্ষিণাঞ্চলীয় শহর নওদেরোতে বৈঠকের পর পিপিপির নেতারা ঘোষণা দেন, "দল সিদ্ধান্ত নিয়েছে বিলাওয়াল হবেন দলের চেয়ারম্যান ও আসিফ জারদারি হবেন যুগ্ম চেয়ারম্যান। বিলাওয়াল বা আসিফ জারদারির মধ্যে যে কোনও একজনের পিপিপির নতুন নেতা হওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল। নাম প্রকাশ না করার শর্তে পিপিপি নেতারা আরও জানিয়েছেন, দলের সবাই আগামী ৮ জানুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। দলের এক কর্মকর্তা জানান, পাকিস্তান সরকার যাতে বেনজির হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের সুযোগ দেয় জাতিসংঘকে তার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাতে পিপিপি একটি কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় যুগপৎ গুলি ও বোমা হামলায় নিহত হন পাকিস্তানের দুই মেয়াদের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বেনজিরের নিহত হওয়ার পর পাকিস্তানে সৃষ্টি হয়েছে চরম নৈরাজ্য। বেনজিরের বিক্ষুব্ধ সমর্থকরা ফেটে পড়েছে প্রেসিডেন্ট মুশাররফবিরোধী বিক্ষোভে। তাদের দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুশাররফ। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানের আগামী ৮ জানুয়ারির নির্ধারিত সাধারণ নির্বাচন নিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সহিংসতায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ জনে। তবে রোববার সকালে করাচির রাস্তা অপেক্ষাকৃত শান্ত ও জনশুন্য ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর মধ্যেই দক্ষিণ পাকিস্তানের নওদেরোতে বেনজিরের নিজের বাড়িতে তার উত্তরসূরি ও আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করা নিয়ে সিদ্ধান্তে পৌঁছার জন্য বৈঠকে বসেন পিপিপি নেতারা। বৈঠকে বেনজিরের ছেলে বিলাওয়াল মায়ের উইল পড়ে শোনান। উইলে ঠিক কী লেখা ছিল তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। উপমহাদেশের বাস্তবতা অনুযায়ী, ভূট্টো পরিবারের কেউ দলের হাল ধরবেন এটাই স্বাভাবিক। কিন্তু ১৯ বছরের এই তরুণের বয়স পাকিস্তানের মতো একটি সমস্যাসঙ্কুল দেশের সবচেয়ে বড় দলের নেতা হওয়ার জন্য একেবারেই কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২১২৯ ঘ.