কলম্বো, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সেনাপ্রধান জানিয়েছেন, বিদ্রোহী তামিল টাইগার নেতা ভেলুপিল্লাই প্রভাকরণকে ছয় মাসের বেশি বাঁচতে দেওয়া হবে না। এছাড়া তার সেনারা প্রতিদিন কমপক্ষে ১০ গেরিলাকে হত্যা করবে। রোববার শ্রীলংকার একটি পত্রিকা একথা জানিয়েছে।
সেনাপ্রধান জেনারেল সরথ ফনসেকার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সাপ্তাহিক পত্রিকা 'সানডে অবজারভার' জানায়, সেনাবাহিনী লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) গেরিলাদের দখলকৃত এলাকার সম্মুখভাগ দখল করে নিয়েছে এবং বিদ্রোহীদের উত্তরাঞ্চলীয় ওয়ানি ঘাঁটি ঘিরে ফেলেছে।
ফনসেকা বলেন, "এলটিটিই তাদের অবশিষ্ট তিনি হাজার গেরিলার ধ্বংস ঠেকাতে পারবে না। তাছাড়া বিমানবাহিনী বিদ্রোহীদের ঘঁটিতে হামলার যে পরিকল্পনা করেছে তাতে তাদের নেতা প্রভাকরণ যে ছয় মাসের বেশি বেঁচে থাকতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই।"
তিনি আরও বলেন, "এখন আমাদের লক্ষ্য প্রতিদিন কমপক্ষে ১০ গেরিলাকে হত্যা করা এবং গত কয়েক মাসে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় পাঁচশ' বিদ্রোহী নিহত হয়েছে।"
ফনসেকা বলেন, "আমরা এলটিটিইকে অর্ধেকের বেশি দুর্বল করে ফেলেছি এবং আগামী বছর তাদের শক্তি আরও কমিয়ে আনতে পারব।
প্রতিরক্ষা সচিব সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানানোর এক দিন পর সেনাপ্রধানের এই বক্তব্য প্রকাশিত হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২০ ঘ.
bdnews24