সিউল, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ছয়জাতি আলোচনায় উপণীত চুক্তির শর্তানুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে গোপন পরমাণু কর্মসূচির ঘোষণা না দিয়েই উত্তর কোরিয়া নতুন বছর ২০০৮ এ পদার্পণ করতে চলেছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
এতে করে নিরস্ত্রীকরণের বিনিময়ে উত্তর কোরিয়ার জ্বালানি ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার চুক্তিতে কোনো হেরফের না হলেও এর বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দেবে।
চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া ইতোমধ্যে ইয়ংবিয়ন পরমাণু চুল্লির কাজ বন্ধ করতে শুরু করেছে। কিন্তু চুক্তির আরেক শর্ত অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ পরমাণু কর্মসূচির পূর্ণ বিবরণ প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার কাছে সমৃদ্ধ প্লুটোনিয়ামের পূর্ণ হিসাব চেয়েছিলেন। তাছাড়া, উত্তর কোরিয়ার গোপন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহ দূর করারও আহ্বান জানিয়েছিলেন তারা।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সং মিং-সুন সাংবাদিকদের গত শুক্রবার বলেছেন, "আমরা গুরুত্বপূর্ণ সময় পার করছি।"
গোপন পরমাণু কর্মসূচি ঘোষণার ব্যাপারে উত্তর কোরিয়ার ওপর চাপ বহাল রেখেছে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়া ওই কর্মসূচি ঘোষণার সময়সীমা লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গেই তাদেরকে কোনো শাস্তি দেওয়ার কথা দক্ষিণ কোরিয়া ভাবছে না।
উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়েও একবার সময়সীমা লঙ্ঘন করেছে। ছয়জাতি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর আরও আগেই ওই স্থাপনা বন্ধ করার কথা থাকলেও তা না করে অনেক পরে একাজ শুরু করেছে উত্তর কোরিয়া।
দেরীতে হলেও ইয়ংবিয়ন বন্ধের কাজ শুরু হওয়ায় গোপন পরমাণু কর্মসূচি ঘোষণাও দেরিতে আসতে পারে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১২ঘ.
bdnews24