গাজা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিকৃত গাজা এলাকায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থক ফাতাহ গ্র"পের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে হামাস। হামাস কর্মকর্তারা শনিবার একথা জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার ফাতাহ গাজায় সমাবেশের পরিকল্পনা করেছে। ১৯৬৫ সালের ১ জানুয়ারি হামাস প্রতিষ্ঠিত হয়।
এর আগে গত নভেম্বরে ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাতাহ আয়োজিত সমাবেশে হামাসের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছিল।
হামাসের পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, তারা আগামী সপ্তাহে ফাতাহ'র সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে হামাস গত জুনে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
হামাসের এক পুলিশ কর্মকর্তা বলেন, "সহিংস ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ফাতাহ'র এক কর্মকর্তা অভিযোগ করেন হামাস দখলদার বাহিনীর মত আচরণ করছে।
তিনি বলেন, "তাদের এই বাধার ফলে ফাতাহ'র জনপ্রিয়তা কমবে না বরং বাড়বে।"
আগামী মঙ্গলবারের ওই সমাবেশকে কেন্দ্র করে গাজা এলাকায় উত্তেজনা বাড়ছে। গত শুক্রবার টহল দেওয়ার সময় হামাসের দুই নিরাপত্তা রক্ষীর ওপর গুলির ঘটনা ঘটেছে। অন্যদিকে ফাতাহ'র প্রায় ৪০ সমর্থককে আটক করেছে হামাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ ঘ.
bdnews24