ইসলামাবাদ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পেছনে আল-কায়েদা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে ইতালির একটি সংবাদ সংস্থা জানায়, আল-কায়েদা হত্যার দায় স্বীকার করেছে।
মুখপাত্র জাভেদ ইকবাল ছিমা বলেন, "গোয়েন্দারা প্রমাণ পেয়েছে বেনজিরের হত্যার পেছনে আল-কায়েদা নেতা বায়তুল্লাহ মাসুদের হাত রয়েছে।"
বায়তুল্লাহ মাসুদ পাকিস্তানের অন্যতম চিহ্নিত জঙ্গি নেতা। আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে তার ঘাঁটি।
এর আগে আল-কায়েদার আফগানিস্তানের কমান্ডারের বরাত দিয়ে ইতালীয় একটি সংবাদ সংস্থা জানায় বেনজিরের হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা।
আল-কায়েদা মুখপাত্র মুস্তফা আবু আল-ইয়াজিদ ইতালীয় সংবাদ সংস্থা আদনক্রোনস ইন্টারন্যাশনালকে (একেআই) বৃহস্পতিবার অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে বলেন, "মুজাহিদীনদের পর্যুদস্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমেরিকার সবচেয়ে মূল্যবান সম্পদকে খতম করেছি আমরা।"
একেআই আল-ইয়াজিদকে আফগানিস্তানের প্রধান কমান্ডার হিসেবে অভিহিত করেছে। আল-ইয়াজিদের বরাত দিয়ে সংস্থাটি জানায় অক্টোবরে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ স্থানীয় নেতা আয়মান আল জাওয়াহিরির নির্দেশে ভুট্টোকে হত্যার পরিকল্পনা করা হয়।
আল-কায়েদা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরো জানায়, ভুট্টেকে হত্যা করার জন্য আত্মঘাতী দল প্রস্তুত করা হয়। লস্কর-ই-জাঙ্গভী দলের এক পাঞ্জাবী স্বেচ্ছাসেবক এই হামলায় অংশ নেয় এবং সে বেনজিরকে হত্যা করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাওয়ালপিন্ডির জনসমাবেশে এক আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির ভুট্টো নিহত হন। ওই হামলায় প্রায় ২০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২৬ ঘ.
bdnews24