নতুন দিল্লি, ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফাঁসিতে ঝুলে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুর পর পাকিস্তানের রাজনীতিতে এসেছিলেন তার মেয়ে বেনজির ভুট্টো। বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় প্রাণ দিয়ে তিনি চলে গেলেন। এভাবে বারবার আততায়ীর হাতে নিহত হতে হয়েছে দক্ষিণ এশিয়ার কয়েকটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের একাধিক সদস্যকে।
ঔপনিবেশিক শাসক ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর উপমহাদেশের দেশগুলোর রজনীতি নিয়ন্ত্রণ করে আসছে কয়েকটি প্রভাবশালী পরিবার। এর মধ্যে আছে পাকিস্তানের ভুট্টো পরিবার, ভারতের গান্ধী পরিবার, শ্রীলংকার বন্দরনায়েক এবং বাংলাদেশের মুজিব ও জিয়া পরিবার।
কিন্তু এই পরিবার গুলোর কোনটিই রেহাই পায়নি বিদ্রোহী, সন্ত্রাসী ও উচ্চাভিলাষী সেনা কর্মর্কতাদের হাত থেকে। পরিবারগুলোর একাধিক সদস্যকে প্রাণ দিতে হয়েছে কখনো আততায়ীর হাতে কখনোবা ফাঁসির মঞ্চে।
পাকিস্তানের রাজনীতিতে ভুট্টো পরিবারকে প্রতিষ্ঠিত করেছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনিই দেশটির নির্বাচিত প্রথম জনপ্রিয় প্রধানমন্ত্রী। কিন্তু ১৯৭৭ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারান এবং পরে ফাঁসিকাষ্ঠে তাকে প্রাণ দিতে হয়।
জুলফিকার আলী ভুট্টোর দুই ছেলেরই মৃত্যু মর্মান্তিকভাবে হয়েছে। পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী মেয়ে বেনজির গত অক্টোবরে দেশে ফেরার পর এক আত্মঘাতী হামলা থেকে বেঁচে গেলেও বৃহস্পতিবার আর রক্ষা পেলেন না।
দেশে ফিরে আত্মঘাতী হামলা থেকে রক্ষা পাওয়ার পর বেনজির বাবার কবর জিয়ারত করতে পৈত্রিকভূমি লারকানায় গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, "হামলার ঝুঁকি এখনো আছে, কিন্তু আল্লাহই সবাইকে রক্ষা করেন। আমি ভয় করি না।"
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ১৯৮৪ প্রাণ দিতে হয়েছে তারই দেহরক্ষীর হাতে। এরপর রাজনীতিতে আসার পর তার ছেলে রাজীব গান্ধীকেও একই ভাগ্য বরণ করতে হয়। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নির্বাচনী সমাবেশে এক নারী আত্মঘাতীর বোমা হামলায় তিনি নিহত হন।
রাজীব গান্ধীর রাজনীতিতে আসার ঘোর বিরোধী ছিলেন তার ইতালীয় বংশোদ্ভুত স্ত্রী সোনিয়া গান্ধী। কিন্তু রাজীবের মৃত্যুর পর ভারতের শতবর্ষ পুরানো রাজনৈতিক দল কংগ্রেসের ভাঙন ঠেকাতে এক রকম বাধ্য হয়ে দলের দায়িত্ব নেন সোনিয়া গান্ধি।
সোনিয়ার নেতৃত্বে কংগ্রেস ভারতের ক্ষমতায় যাওয়ার পর ২০০৪ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা রাজনৈতিক জীবনেরই একটা অংশ। আমার শাশুড়ি ও স্বামী দেশের জন্য জীবন দিয়ে গেছেন। তারা অন্য কোনোভাবে মরার ইচ্ছা পোষণ করতেন বলে আমার মনে হয় না।"
এই উপমহাদেশের আবহাওয়াই সম্ভবত এমন যে সেনাবাহিনী প্রায়ই মনে করে, ব্যারাকে থাকার চেয়ে তারা বোধ হয় দেশ শাসনের কাজটা ভাল পারবে। তাদের এই মনোভাবের কারণে রাজনীতির মাঠের মূল লোকদের কাজ করা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মহেশ রঙ্গরাজন বলেন, "এই অঞ্চলে ব্যালট ও বুলেটের প্রতিযোগিতা যেন আর শেষ হচ্ছে না।"
আততায়ীর হাতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর অনেককে প্রাণ দিতে হলেও বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে শাপেবরও হয়েছে। আততায়ীর হাতে পরিবারের একজন নিহত হওয়ায় অন্যদের অন্যদের রাজনীতিতে আসা সহজ হয়ে গেছে এবং জনগণের একতরফা সহানুভূতিও তারা পেয়েছেন।
শ্রীলংকায় ১৯৫৯ সালে প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক এক বৌদ্ধ ভিক্ষুর হাতে নিহত হওয়ার পর তার স্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক প্রধানমন্ত্রী হন। তিনিই বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
বন্দরনায়েকের মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলংকার প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হন। ১৯৯৯ সালে সন্দেহভাজন তামিল টাইগার গেরিলাদের হামলায় তিনি একটি চোখ হারান।
এছাড়া ১৯৯৩ সালে এক তামিল গেরিলার আত্মঘাতী হামলায় নিহত হন শ্রীলংকার প্রেসিডেন্ট রানাসিঙ্গে প্রেমাদাসা।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবর রহমান ১৯৭৫ সালে সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর তার মেয়ে শেখ হাসিনা রাজনীতিতে আসেন এবং ১৯৯৭ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট তার ওপর গ্রেনেড হামলা হয়।
সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বাংলাদেশের আরেক রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানও নিহত হন সেনা সদস্যদের হাতে। এরপর তার স্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে এসে দুবার প্রধানমন্ত্রীও নির্বাচিত হন।
এছাড়া ১৯৪৮ সালে আতাতায়ীর হাতে নিহত হয়েছেন ভারতের মহান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা)। বৃহস্পতিবার বেনজিরের ওপর যেখানে আত্মঘাতী হামলা হয়েছে ঠিক সেখানেই ১৯৫১ সালে আততায়ীর হাতে প্রাণ দিয়েছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএ/১৯৫৫ ঘ.
bdnews24