গুয়াহাটি, ভারত, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শত বছরের রাজতন্ত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক ধারায় প্রবেশের প্রথম পরীক্ষার ঐতিহাসিক নির্বাচন সোমবার। এ লক্ষ্যে ভূটানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় পার্লামেন্টের উচ্চকক্ষের এ নির্বাচনের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভূটানের সব সীমান্ত।
জাতীয় পরিষদের ২৫ জন সদস্য নির্বাচনের লক্ষ্যে সোমবারের নির্ধারিত এ নির্বাচনের মাধ্যমে ভূটানের জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে। পরে আগামী বছরের ফেব্র"য়ারি ও মার্চ মাসে অনুষ্ঠেয় ওই জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে ভূটান পার্লামেন্টের নিম্নকক্ষ।
ভূটানের সাবেক শাসক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুক গত বছর তার ছেলের কাছে রাজমুকুট হস্তান্তরের আগে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন। সেই থেকে ভারত ও চীনের মধ্যবর্তী পার্বত্য এ দেশটি এগিয়ে চলেছে গণতান্ত্রিক ধারায় আসার প্রক্রিয়ার মধ্য দিয়ে।
জনগণকে ভোটের সঙ্গে পরিচিত এবং নির্বাচনের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে গত এপ্রিল এবং মে মাসে দুইবার নকল নির্বাচনও হয়েছে ভূটানে।
ভূটানের ২৫ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদের পাঁচজনকে নির্বাচন করবেন রাজা নিজে। বাকিরা নির্বাচিত হবেন তিন লাখ ১০ হাজার ভোটারের ভোটে। তবে প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দলের নেতাদের চেয়ে ভূটানের খ্যাতিমান ব্যক্তিদেরই প্রাধান্য দেখা গেছে।
শুক্রবার ভূটানের নির্বাচন কমিশন নির্বচনী কেন্দ্রগুলোতে অস্ত্র ও মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু দিক-নির্দেশনা ঘোষণা করেছে। এছাড়া, নির্বাচনে যাতে বেশি ভোট পড়ে সে জন্য এ নির্বাচনী মৌসুমে ভারতে বার্ষিক তীর্থযাত্রায় যাওয়া থেকে বিরত থাকার জন্যও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নির্বাচনে ভূটানের ২০টি জেলার প্রত্যেকটি থেকে সর্বোচ্চ চারজন করে প্রার্থী নির্বাচিত হবেন। পরে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে ওই চারজনের মধ্য থেকে একজনকে জাতীয় পরিষদের জন্য নির্বাচন করা হবে।
তবে, নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচটি জেলার ভোটাররা এখনও একজন পর্যন্ত প্রার্থী নির্বচিত করতে সক্ষম হয়নি। তাই ওই পাঁচ জেলার নির্বাচন ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০৩ ঘ.
bdnews24