নয়া দিল্লি, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পর প্রতিবেশী পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ ভারত তার সীমান্তরক্ষীদেরকে সীমান্তে "সর্বোচ্চ সতর্ক" থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার আততায়ীর হতে বেনজিরের নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সে বিশৃঙ্খলা সীমান্ত পেরিয়ে ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "সীমান্তের সকল সেনার সর্বোচ্চ সতর্কতায় থাকার বিষয়ে সাধারণভাবে একটি পরমার্শ দেওয়া হয়েছে। কেন এ পরামর্শ দেওয়া হয়েছে আপনারা তা অনুমান করতে সক্ষম।"
তিনি বলেন, "এখনও সুনির্দিষ্টভাবে কোনো হুমকি নেই। তাদেরকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। জিহাদি ও সীমান্ত পেরিয়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়াসহ বিভিন্ন ধরনের ঘটনার সম্ভাবনা রয়েছে।"
প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে তিন তিনবার যুদ্ধে জড়ানো এবং সর্বশেষ ২০০২ সালের শেষ দিকে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে উপণীত ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের চলমান শান্তি প্রক্রিয়া সত্ত্বেও উত্তেজনাপূর্ণই রয়ে গেছে।
এছাড়া, অতীতে পাকিস্তানে সঙ্কট চলাকালেও ভারত মাঝে মধ্যে তাদের সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সর্বশেষ, গত নভেম্বরে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারির পরও এমন পদক্ষেপ নিয়েছিল ভারত।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে ওয়াশিংটন এবং তাদের অনেক পশ্চিমা মিত্র পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের' রক্ষাপ্রাচীর হিসাবে বিবেচনা করে আসছে। তাছাড়া, আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিমা জোটবাহিনীর বিজয়ের অন্যতম প্রধান সহায়ক শক্তি হিসাবেও বিবেচিত পাকিস্তান।
তবে, ভারতের উদ্বেগ এজন্য যে পাকিস্তানের স্থিতিশীলতা সীমান্ত পেরিয়ে ভারতশাসিত কাশ্মীর বা ভারতের অন্যান্য শহরে জঙ্গি হামলা বা বোমা হামলার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24