ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌবনের শুরুতে বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। একটি ভারতীয় ওয়েবসাইট এ খবর জানিয়েছে।
বেনজিরের বয়স তখন ১৮। রাজনীতিতে তেমনভাবে পা রাখেননি। সেবারই প্রথমবারের মতো ভারতে যান বেড়াতে। সেই সফরেই একদিন মুম্বাইয়ের চলচ্চিত্রকার প্রয়াত আইএস জোহর একটি হিন্দি ছবির প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তাকে।
ওই ঘটনা স্মরণ করে বলিউডের ইতিহাসবিদ হিসেবে খ্যাত পরিচালক অমর সোলাঙ্কি শুক্রবার বলেন, "ঘটনাটা ১৯৭২ সালের। বাবা জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে বেনজিরও ভারত সফরে এসেছেন। জুলফিকার এসেছিলেন পাক-ভারত যুদ্ধ পরবর্তী সিমলা চুক্তির ব্যাপারে আলাপ করতে।"
সোলাঙ্কি নিজেও একজন বিখ্যাত গুজরাটি চলচ্চিত্র পরিচালক। তিনি জানান, জোহর সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করতেন। আর বেনজিরকে ওই প্রস্তাব দেয়ায় ভারত, পাকিস্তান এমনকি বাংলাদেশেও তিনি দারুণ আলোচিত হন।
জোহরের ওই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখান করে বেনজির জানিয়েছিলেন, তার জীবনের লক্ষ্য অন্য কিছু, চলচ্চিত্র তারকা হওয়া নয়।
গত শুক্রবার রাওয়ালপিণ্ডিতে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন দুইবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বেনজির ভুট্টো।
আইএস জোহর বলিউড নামে সমধিক পরিচিত হয়ে ওঠা মুম্বাইয়ের চলচ্চিত্রাঙ্গণের বেশ কিছু ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন। তার অভিনীত ছবিগুলির মধ্যে বিখ্যাত কিছু আন্তর্জাতিক ছবিও রয়েছে। হ্যারি ব্ল্যাক, মিস্টার ইন্ডিয়া, লরেন্স অফ অ্যারাবিয়া, জনি মেরা নাম, দস্তান, ডেথ অন দি নাইল, ত্রিমুর্তি সহ ২০টিরও বেশি ছবিতে অভিনয় করেন এই কমেডিয়ান।
অন্যদিকে তার পরিচালিত ছবিগুলির মধ্যে রয়েছে নাগিন ও বেয়াকুফ। এখনকার তারকা পরিচালক যশ চোপড়া বলিউডে পরিচালনার কাজ শুরু করেছিলেন জোহরেরই সহকারি হিসেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআইআর/এসকে/০০৫৯ঘ.
bdnews24