ইসলামাবাদ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আত্মঘাতী বোমা হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর পাকিস্তানে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকার আধা-সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে।
হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণের উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া এ বিক্ষোভ শান্ত করতে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশবাসীকে শান্ত ও ঐক্যদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বেনজির ভুট্টো নিহত হওয়ার পর সবচেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে তার নিজের এলাকা সিন্ধু প্রদেশ ও এর রাজধানী করাচি।
করাচিতে বেনজিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ করে। এ সময় তারা কমপক্ষে তিনটি ব্যাংক, একটি সরকারি অফিস ও একটি ডাকঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
সিন্ধু প্রদেশের কেন্দ্রীয় শহর হায়দ্রাবাদে বিক্ষোভকারীরা কমপক্ষে ২০ গাড়ি জ্বালিয়ে দেয়।
করাচির নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছিল। নগরীর এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, "সিন্ধুতে পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। আমরা আরও বেশি পুলিশ মোতায়েন করেছি এবং পুলিশ প্রতিটি শহরে টহল দিচ্ছে। কেননা প্রায় সব জায়গায় মানুষ বিক্ষোভ করছে।"
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়া রোধ করতে তারা সিন্ধুর প্রধান সড়কটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
এছাড়া রাওয়ালপিন্ডি ও রাজধানী ইসলামাবাদেও ছোটখাট বিক্ষোভ হয়েছে।
পাকিস্তান- নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় তারা মুশাররফবিরোধী শ্লোগান দেয়।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুলতান শহরেও প্রতিবাদ বিক্ষোভের খবর পাওয়া গেছে। লাহোরেও বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। পুলিশ জানিয়েছে সেখানে তিনটি বাসসহ অন্য কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বেনজির ভুট্টোর পৈত্রিক নিবাস লারকানা থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/০০২৮ ঘ.
bdnews24