টোকিও, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাঠ্যপুস্তকে ২য় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃতিসহ, গ্যাস, সমুদ্রসীমা এবং সেনাশক্তি নিয়ে চীনের সঙ্গে বিরোধ কাটিয়ে উষ্ণ সম্পর্ক গড়তে বৃহস্পতিবার বেইজিং সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা। ৪ দিনের এ সফরে ফুকুদা দু'দেশের অর্থনৈতিক ও পরিবেশগত সহযোগিতার ওপর জোর দেবেন । (আরও তথ্যসহ)
ফুকুদার সফরে এশিয়ার এই দুই বৈরি মনোভাবাপন্ন দেশের মধ্যে জ্বালানি, সীমান্ত ও সেনাশক্তি গড়ে তোলা নিয়ে বিরোধ নিস্পত্তিসহ অর্থনেতিক সহযোগিতার দ্বার খুলে যেতে পারে বলে আশা করা হচ্ছে। ওদিকে, জাপান মিতব্যয়িতা এবং জনসংখ্যা কম রাখার কৌশল শেখাতে পারে চীনকে।
ফুকুদা চীনে রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের বলেছেন, " ভালো সম্পর্ক গড়ার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করতে চাই।"
আগের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির আমলে চীনের সঙ্গে জাপানের সম্পর্কের অবনতি হয়। কোইজুমির কয়েকবার জাপান সেনাবাহিনীর অতীত বর্বরতার প্রতীক 'ইয়াসুকুনি সমাধি' পরিদর্শন করা নিয়ে বিতর্কের কারণে দুদেশের সম্পর্ক উত্তপ্ত হয়। অবশ্য পরে চীন-জাপান সম্পর্কের উত্তাপ কিছুটা কমে আসে।
এ বছর চীন ও জাপান প্রাকৃতিক গ্যাস নিয়ে বিরোধ মেটাতে রাজি হয়েছে। তবে বিষয়টি নিয়ে ১১ দফা আলোচনা ফলপ্রসূ হয়নি। পূর্ব চীন সাগরে দু'দেশের 'এক্সক্লুসিভ ইকোনোমিক জোন' বিভক্তকারী সীমারেখা নিয়ে বিরোধও এখনও নিষ্পত্তি হয়নি। এ সমস্ত বিরোধ মেটানোর চেষ্টা নেওয়াই ফুকুদার চীন সফরের লক্ষ্য।
১৯৭৮ সালে ফুকুদার বাবা প্রধানমন্ত্রী থাকাকালে বেইজিংয়ের সঙ্গে শান্তি ও বন্ধুত্বের একটি উল্লেখযোগ্য চুক্তি করেছিলেন। এবার ফুকুদা বাবার সেই চুক্তি থেকে আরও একধাপ উন্নত সম্পর্ক গড়তে চাইছেন বেইজিংয়ের সঙ্গে। চীনের সঙ্গে পারস্পরিক কৌশলগত সম্পর্ক চান তিনি।
জাপানের কাছে অর্থনৈতিক দিক থেকে চীনের গুরুত্ব বাড়ছে। যুক্তরাষ্ট্রের চেয়েও হংকং ও চীনের সঙ্গে জাপানের বাণিজ্য ২০০৪ সাল থেকে অনেক বেড়েছে। অর্থনৈতিক দিক থেকে এমন ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেও চীন ও জাপান একে অপরের সেনা শক্তি নিয়ে সন্দেহ পোষণ করে আসছে।
চীনের সামরিক শক্তি বাড়ানোর বিষয়টিকে জাপান সুনজরে দেখে না। বরং বিষয়টি নিয়ে জাপান উদ্বিগ্ন।
জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক অধ্যাপক তেরুমাসা নাকানিসি বলেছেন, " ফুকুদার এই সফরে দু'দেশের মধ্যে কোইজুমির সময়কার বিরোধ এবং গলাবাজি থেকে সরে এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে বলেই আশা করা হচ্ছে।"
ফুকুদা জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর বিতর্কিত ইয়াসুকুনি সমাধি পরিদর্শনে যাবেন না বলে জানিয়েছেন। এ অবস্থানের কারণে চীনের সঙ্গে সম্পর্কে একটি বড় প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম হবেন ফুকুদা।
চীন সফরকালে শুক্রবার প্রেসিডেন্ট হু জিনতাও এবং পার্লামেন্টের প্রধান উউ বাংগুয়োর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ফুকুদার।
নাকানিসি বলেছেন, " বেইজিং ফুকুদার এই সফরকে একজন চীনপন্থি রাজনীতিবিদের সফর হিসাবেই দেখছে। আর তাই এর মধ্য দিয়ে জাপানকে কাছে টানার এক বিরল ও সুবর্ণ সুযোগ পাচ্ছে চীন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৩ঘ.
bdnews24