ওয়াহ, পাকিস্তান, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রমিকদের অধিকার আদায়ে লড়াইয়ের অঙ্গীকার করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো। রাজধানী ইসলামাবাদের কাছাকাছি শিল্প শহর ওয়াহতে বুধবার এক নির্বাচনী সমাবেশে তিনি এই প্রতিশ্র"তি দেন।
ঈদের কয়েক দিনের ছুটি এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ছুটির পর বুধবার থেকে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো। আগামী ৮ জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে প্রাচারণার জন্য তাদের হাতে আছে মাত্র কয়েক দিনের সময়।
পাকিস্তানের পশ্চিমা মিত্ররা আশা করছেন, নির্বাচনের পর দেশটিতে স্থিতিশীলতা আসবে। এবারে নির্বাচনে লড়াই হবে মুলত ত্রিমুখি। দুই সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফের পাশাপাশি লড়াইয়ের অন্যতম পক্ষ প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পক্ষের দল।
বেশিরভাগ পাকিস্তানি ভোটাররা জানিয়েছে, তিন নেতাকে নিয়ে তাদের মাথা ব্যাথা নেই। তাদের চিন্তা দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্ব।
ভোটারদের এই উদ্বেগের বিষয়টি মাথায় রেখে বেনজির ভুট্টো জানিয়েছেন তিনি গরিবদের জন্য কাজ করবেন।
রাজধানী ইসলামাবাদের ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শিল্প শহর ওয়াহতে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, "আমরা বিশ্বাস করি শ্রমিক ও গরিব মানুষদের অবস্থা ভাল হলেই পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।"
বেনজির ভুট্টো আরও বলেন, "আমি আপনাদের বলছি আমরা শ্রমিকদের কথা ভুলে যাব না এবং তাদের ত্যাগ করব না।" একই সঙ্গে তিনি বরখাস্ত হওয়া শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়া ও শ্রমিক আইন আরও শক্তিশালী করার প্রতিশ্র"তি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫০ ঘ.
bdnews24