জেরুজালেম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইহুদি বসতি স্থাপন নিয়ে উত্তেজনা প্রশমিত করে শান্তি আলোচনা এগিয়ে নিতে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট আগমীকাল বৃহস্পতিবার বৈঠক করবেন। ইসরায়েলি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে জানান, ওলমার্ট ও আব্বাস এ সপ্তাহেই বৈঠকে বসতে পারেন এবং সেটা হতে পারে আগামীকাল বৃহস্পতিবার। যদিও ওলমার্টের মুখপাত্র মার্ক রেগিভ বৈঠকের সময়সূচি অস্বীকার অথবা নিশ্চত করেননি।
ইসরায়েল ও ফিলিস্তিন কর্মকর্তারা বলছেন, গত মাসে আনাপোলিস সম্মেলনের পর ইহুদি বসতি স্থাপন নিয়ে দুদেশের মধ্যে আবার যে অচলাবস্থা দেখা দিয়েছে তা ভাঙতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে গত মাসে বুশ প্রশাসন ওই শান্তি সম্মেলনের আয়োজন করে। সেখানে ইসরায়েল-ফিলিস্তিন দু'পক্ষই শান্তি আলোচনা শুরু করতে একমত হয়।
মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা এগিয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী জানুয়ারিতে ইসরায়েল ও ফিলিস্তিন এলাকাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করবেন।
গত সোমবার দ্বিতীয় দফা আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিনিধি দল। ফিলিস্তিন পক্ষের আলোচনাকরীরা জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বন্ধ না করা পর্যন্ত তারা সীমান্ত, জেরুজালেমের ভাবিষ্যত ও শরণার্থীসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে আলোচনা করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৭৫৫ ঘ.
bdnews24