জেরুজালেম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি বন্দি মুক্তির শর্ত শিথিলের ইসরায়েলের চিন্তা-ভাবনা এবং ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির মুক্তির সম্ভাবনার মাঝেও জেরুজালেমের অধিকৃত ভূখন্ডে ইসরায়েলের নতুন ইহুদি বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বিরোধে বন্ধ হয়ে গেছে সোমবারের ২য় দফা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা।
ফিলিস্তিনি আলোচক সায়েব ইরাকাত বলেছেন, "যুক্তরাষ্ট্রের উদ্যোগে ৭ বছর পর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা অগ্রসর হওয়া খুবই কঠিন। কারণ, ইসরায়েল স্থবির হয়ে পড়া মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া রোডম্যাপের শর্তানুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে নতুন ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে।"
ইরাকাত ইসরায়েলকে বলেন, তাদের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা অবৈধ। ওদিকে, ইসরায়েলের আলোচনা বলেন রোডম্যাপ শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনকেও জঙ্গি দমন করতে হবে--এ শর্ত বেঁধে দেওয়া আছে। দুপক্ষের এই বিরোধেই স্থগিত হয়ে যায় সোমবার ২য় দফায় শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন বৈঠক।
জেরুজালেমের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের নতুন করে ৭৪০ টি ইহুদি বসতি গড়ার পরিকল্পনা নিয়েছে। এ নিয়ে বিরোধের মাঝেই সোমবার ইসরায়েল-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রে উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনার ২য় দফা বৈঠকে বসে। বৈঠকের প্রক্কালে কর্মকর্তারা জানিয়েছিলেন, ফিলিস্তিনি বন্দি মুক্তির শর্ত বা বিধিনিষেধ শিথিলের চিন্তা-ভাবনা করছে ইসরায়েল।
হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শাতিলের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দি মুক্তি সংক্রান্ত চুক্তি করার চেষ্টার অংশ হিসাবেই এই পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের উপ প্রতিরক্ষামন্ত্রী মাতান ভিলনাই বলেছেন, "ফিলিস্তিনি আন্দোলনের নেতা বারঘুতি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য উত্তরসূরী। তাকে মুক্তি দেওয়া হতে পারে।"
কিন্তু এই পদক্ষেপের মাঝেও নতুন বসতি স্থাপন থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল। '
আব্বাসের সহযোগীরা বলছেন, "ইসরায়েল স্থবির হয়ে পড়া 'রোডম্যাপ' শান্তি পরিকল্পনার আওতায় অধিকৃত ভূখন্ডে বসতি স্থাপন বন্ধ না করলে সীমান্ত, জেরুজালেমের ভাগ্য এবং ফিলিস্তিনি শরণার্থী ইস্যু নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা শুরু হওয়া সম্ভব নয়।"
মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার রোডম্যাপে ফিলিস্তিনকেও গেরিলা দমনে সক্রিয় হতে বলা আছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসাবে ইসরায়েলও ফিলিস্তিন কর্তৃপক্ষকে পশ্চিম তীর ও গাজায় গেরিলা দমন করতে বলেছে।
হামাস গত জুনে গাজা দখল করে নেয়। এর পর থেকে গাজা একরকম বিচ্ছিন্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে অ্যানাপোলিসে আয়োজিত মধ্যপ্রাচ্য সম্মেলনের মধ্য দিয়ে ৭ বছর পর নতুন করে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর প্রথম বৈঠকের পর সোমবার ২য় দফা বৈঠক বসে।
১২ ডিসেম্বরের বৈঠকে আব্বাস ইসরায়েলকে অধিকৃত অঞ্চলে নতুন বসতি না গড়ার দাবি জানান। এবার ২য় দফা বৈঠকের আগেই ইসরায়েল অধিকৃত অঞ্চলে নতুন ৭৪০ টি বসতি গড়ার পরিকল্পনা জানায়। তাদের এই পদক্ষেপ আলোচনার চেষ্টা নস্যাৎ করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়েদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৩ঘ.
bdnews24