আঙ্কারা, ডিসেম্বর ২৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর ইরাকে ১৬ ডিসেম্বরে বড় ধরনের সেনা অভিযানে ১৫০ থেকে ১৭৫ জন পিকেকে কুর্দি গেরিলা হত্যার দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। সীমানা পেরিয়ে ইরাকের অভ্যন্তরে ওইদিনই প্রথম বড় ধরনের হামলা চালায় তুরস্ক।
ইরাকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) গেরিলাদের ওপর ওই হামলায় অংশ নেয় ৫০ টি যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই ওই হামলা চালানো হয়েছিল বলে তুরস্ক দাবি করে।
একদিনের ওই অভিযানে পিকেকে গেরিলাদের তিনটি কমান্ড কেন্দ্রসহ ২০০ টি লক্ষ্যস্থল এবং দুটো যোগাযোগ কেন্দ্রসহ ২টি প্রশিক্ষণ শিবির, ৯ টি সামরিক রসদ সরবরাহস্থল, ১৮২ টি গেরিলা কোয়ার্টার এবং ১৪ টি অস্ত্রাগারে আঘাত করা সম্ভব হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের জেনারেল স্টাফ ওয়েবসাইট।
বিবৃতিতে বলা হয়, সবগুলো লক্ষ্যেই সঠিকভাবে আঘাত করা হয়েছে। উন্নতমানের গেরিলা ঘাঁটি অনুসন্ধান যন্ত্র এবং হামলা নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে এ অভিযান চালানো হয়েছে।
জেনারেল স্টাফ জানায়, আহত অনেক পিকেকে সদস্যকে উত্তর ইরাকের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আর নিহত হয়েছে ১৫০ থেকে ১৭৫ জন গেরিলা। এছাড়া ঘাঁটি ও গুহায় অবস্থানরত আরও অনেক গেরিলা মারা গিয়ে
থাকতে পারে বলে জানায় জেনারেল স্টাফ।
উত্তর ইরাকের নিষিদ্ধ ঘোষিত পিকেকে গেরিলাদের ওপর তুরস্কের বিমান হামলা এখনও চলছে। শনি ও বোরবারের পর মঙ্গলবারও তুরস্কের জঙ্গি বিমান থেকে তুর্কি সীমান্তবর্তী উত্তর ইরাকে বোমা বর্ষণ করা হয়েছে। কুর্দি সীমান্তর এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।
ইরাকের কুর্দি প্রদেশ দাহুকের সীমান্ত নিরাপত্তা কমান্ডের পরিচালক ওই কর্মকর্তা কর্নেল হুসেইন তামার জানিয়েছেন, এ মাসের প্রথম দিকে জনমানবহীন এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালায় তুরস্ক। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, উত্তর ইরাকের বিচিছন্নতাবাদী পিকেকে গেরিলাদের নির্মূলে সেনাশক্তি ব্যবহারের অধিকার আছে বলে দাবি করে আসছে তুরস্ক। পাশপাশি গত কয়েক সপ্তাহে তারা উত্তর ইরাকের হামলা জোরদার করেছে। ধারণা করা হয়, তুরস্কের এসব হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। কেননা, এসব হামলা চালাতে ইরাকে মোতায়েন মার্কিন সেনারা তুরস্কের জন্য ওই অঞ্চলের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে।
অবশ্য, ইরাকি ও মার্কিন কর্মকর্তারা সীমিত আকারে উত্তর ইরাকে হামলা চালানোর আহ্বান জানিয়ে আসছে। কেননা, তাদের আশঙ্কা, বড় ধরনের হামলায় অস্থিতিশীল হয়ে উঠতে পারে ইরাকের অপেক্ষকৃত স্থিতিশীল এ এলাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৩ ঘ.
bdnews24