হাভানা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর ওজন বেড়েছে। তিনি দিনে দুবার ব্যায়মও করছেন এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। এসবই তার সেরে ওঠার লক্ষণ বলে সোমবার মন্তব্য করেছেন ছোট ভাই রাউল কাস্ত্রো।
১৯৫৯ সালে বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ফিদেল কাস্ত্রো ২০০৬ সালের জুলাইয়ে অসুস্থতার কারণে ভাই রাউল কাস্ত্রোর হাতে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। পরে তার পাকস্থলীতে অস্ত্রোপচার হয়। তার অসুখটা ঠিক কি তা জানা যায়নি। অস্ত্রোপচারের পর দীর্ঘ ১৬ মাস জনসম্মুখে আসননি কাস্ত্রো।
এর মধ্যে গত সপ্তাহে ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনকে একটি চিঠি দিয়ে জানান, তিনি অবসরে যেতে চান। এবং আনুষ্ঠানিক নেতৃত্বের পদ ছেড়ে দিতে চান। অসুস্থ হওয়ার পর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে এটিই তার প্রথম ইঙ্গিত।
ফিদেলের এই ইঙ্গিতের পর রাউল ফের তার সুস্থ হয়ে ওঠার কথা জানালেন। রাউল বলেন, "তার মন মানসিকতা যথেষ্ট শক্ত । কেবল তার কিছু শারিরীক অসুবিধা আছে। তবে এখন তার ওজন আগের চেয়ে বেড়েছে এবং সর্বদলীয় প্রতিনিধিরা তার আবারও দেশনেতৃত্বে ফিরে আসাকে সমর্থন করছেন।
কাস্ত্রোর স্বাস্থ্য নিয়ে কিউবা সরকারের রাখঢাকের মধ্যে রাউল সর্বশেষ এই স্পষ্ট মন্তব্য করলেন। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন গত সপ্তাহে জানায় কাস্ত্রো ঘনিষ্ঠ বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
কিন্তু তার এই সাক্ষাতের কোনো ছবি প্রকাশ করা হয়নি।
কিউবার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কিউবার প্রধান প্রধান নীতি নির্ধারণের ক্ষেত্রে কাস্ত্রোর পরামর্শ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, জনসম্মুখে অনুপস্থিত থাকলেও পত্রপত্রিকায় কলাম লেখার মধ্য দিয়ে কিউবার রাজনৈতিক জীবনে এখনও কাস্ত্রোর উপস্থিতি রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ঘ.
bdnews24