বৈরুত, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনাপ্রধানকে প্রেসিডেন্ট করার জন্য সংবিধানে সংশোধনী আনতে সোমবার একটি খসড়া আইন করেছে লেবানন সরকার। কিন্তু বিরোধীরা সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে আরও গভীর রাজনৈতিক সঙ্কট সৃষ্টিরও হুমকি দিয়েছে তারা।
পশ্চিমা-সমর্থিত লেবানন সরকার এবং সিরিয়াপন্থী বিরোধীদল জেনারেল মিখায়েল সোলহেইমকে প্রেসিডেন্ট নির্বাচন করতে নীতিগতভাবে রাজি হয়েছিল। কিন্তু বিরোধীদল এ ব্যাপারে পুরোপুরি চুক্তিবদ্ধ হওয়ার আগে ভবিষ্যৎ কোয়ালিশন মন্ত্রিসভায় ভেটো ক্ষমতার গ্যারান্টি চেয়েছিল। আর সরকার চাইছিল সোলহেইম আগে নির্বাচিত হোন।
সেপ্টেম্বর ২৫ থেকে বারবার পিছিয়ে যেতে থাকা প্রেসিডেন্ট নির্বাচনে সিরিয়া-বিরোধী ক্ষমতাসীন কোয়ালিশন কিংবা হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিরোধীদল কেউই পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যক আসন জেতার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
গত বছর মন্ত্রীরা পদত্যাগ করায় লেবানন সরকার অসাংবিধানিক এবং এ সরকারের যে কোনো সিদ্ধান্তই অবৈধ বলে বিরোধীদল দাবি করে আসছে।
বিরোধীদলীয় নেতার উপদেষ্টা এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেছেন, " খসড়া সংশোধনী চুক্তিতে বাধা দেওয়ার অভিপ্রায়েরই বহি:প্রকাশ। এটি যে কোনো উদ্যোগের পথই বন্ধ করে দেবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১০ঘ.
bdnews24