ওয়াশিংটন, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রত্যন্ত আফগান সীমান্তে আল-কায়েদা আবার সংগঠিত হয়ে মাথা চাড়া দিয়েছে। পাকিস্তান সরকার ও সেবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে তারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস শুক্রবার একথা বলেছেন।
তবে গেটস বলেন, পাকিস্তানে আল কায়েদার কর্মকাণ্ডের প্রভাব আফগানিস্তান এখনও পড়েনি। আফগানিস্তানে মার্কিন কোয়ালিশন বাহিনী গত দুবছর ধরে ক্রমবর্ধমান তালেবান সহিংসতার শিকার হয়ে আসছে।
গেটস বলেন, "পাকিস্তানের কয়েকটি এলাকায় যে আল-কায়েদা পুনরায় শক্তি সঞ্চয় করেছে তাতে সন্দেহ নেই। কিন্তু এ পর্যন্ত আমরা এর পরিণামে আফগানিস্তানে সেরকম কিছু ঘটতে দেখিনি।"
গেটস আরও বলেন, "এ মুহূর্তে আল কায়েদা পাকিস্তানের ওপর নজর দিয়েছে। তাদের হামলার লক্ষ্য এখন পাকিস্তানের সরকার ও জনগণ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯২৪ঘ.
bdnews24