২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে দীর্ঘপ্রতিক্ষীত ইরাক তহবিল বাজেট বিল দিল কংগ্রেস

২০০৮ সালের সেপ্টেম্বর নাগাদ ফেডারেল সরকারের ব্যয়সহ ইরাক যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য বুধবার ৫৫৬ বিলিয়ন ডলারের বাজেট বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর মধ্য দিয়ে বাজেট নিয়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে কংগ্রেসের এক বছরব্যাপী লড়াইয়ের অবসান হল। সিনেট মঙ্গলবারেই বিলটি অনুমোদন করেছে। প্রতিনিধি পরিষদও চূড়ান্ত অনুমোদন দিয়ে দেওয়ায় এখন সর্বশেষ অনুমোদনের জন্য প্রত্যাশিত এই বিল হাতে পাচ্ছেন বুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 09:38 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৮ সালের সেপ্টেম্বর নাগাদ ফেডারেল সরকারের ব্যয়সহ ইরাক যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য বুধবার ৫৫৬ বিলিয়ন ডলারের বাজেট বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর মধ্য দিয়ে বাজেট নিয়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে কংগ্রেসের এক বছরব্যাপী লড়াইয়ের অবসান হল। সিনেট মঙ্গলবারেই বিলটি অনুমোদন করেছে। প্রতিনিধি পরিষদও চূড়ান্ত অনুমোদন দিয়ে দেওয়ায় এখন সর্বশেষ অনুমোদনের জন্য প্রত্যাশিত এই বিল হাতে পাচ্ছেন বুশ। ইরাক যুদ্ধ বিরোধীরা ইতোমধ্যেই ইরাক তহবিল সম্বলিত এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এর মধ্য দিয়ে বুশকে ইরাক যুদ্ধ চালানোর 'ব্ল্যাঙ্ক চেক' দেওয়া হল। ওদিকে হোয়াইট হাউস বাজেট বিল পাসের কংগ্রেসের পদক্ষেপে আনন্দ প্রকাশ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র টনি ফ্রাত্তো বলেছেন, "কর না বাড়িয়ে এবং প্রেসিডেন্টের ব্যয়ভার অনুযায়ী সরকারকে তহবিল বরাদ্দ করে কংগ্রেস এ বছর বাজেট পাস করতে সক্ষম হওয়ায় আমরা সন্তুষ্ট। আমাদের সেনাদের জন্য কংগ্রেসের ৭০ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করাটাও গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।" বুশ দীর্ঘদিন ধরেই ইরাক যুদ্ধব্যায় নির্বাহের জন্য বড় অঙ্কের তহবিল চেয়ে আসছিলেন। কিন্তু ইরাক যুদ্ধ নিয়ে বিরোধের কারণে কংগ্রেসে তা পাস হয়নি। ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস একধিকবার তহবিলের সঙ্গে শর্ত জুড়ে দিয়ে বিল পাস করায় বুশ তাতে ভেটো দেন। অবশেষে কংগ্রেস ইরাক তহবিলসহ বাজেট পাস করায় কংগ্রেসে ইরাক যুদ্ধবিরোধী ডেমোক্রেটরা আরেকবার পরাজয়ের মুখে পড়লেন। বিল অনুযায়ী, দেশে স্বাস্থ্য, শিক্ষা, মহাকাশ গবেষণা, খাবার , সীমান্ত রক্ষণাবেক্ষণ প্রভৃতি বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি পেন্টাগনের নিয়মিত কার্যকলাপের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৬০ বিলিয়ন ডলার। দেশের অভ্যন্তরীন নিরাপত্তার জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৩৫ বিলিয়ন ডলার। ইরাক ও আফগান যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য বরাদ্দ করা হয়েছে ৭০ বিলিয়ন ডলার। বুশ এই যুদ্ধের জন্য ১৯০ বিলিয়ন ডলার চেয়েছিলেন। সে তুলনায় এ তহবিল অর্ধেকেরও কম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৩ঘ.