ওয়াশিংটন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী জানুয়ারিতে প্রথমবারের মত ইসরায়েল ও ফিলিস্তিন এলাকা সফরে যাবেন জর্জ ডব্লিউ বুশ। ক্ষমতা ছাড়ার আগে ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তির প্রত্যাশা নিয়েই তিনি এই সফরে যাচ্ছেন। যদিও ওই চুক্তির সম্ভাবনা খুবই কম।
হোয়াইট হাউস মঙ্গলবার জানায়, প্রেসিডেন্ট বুশ আগামী ৮ থেকে ১৬ জানুয়ারি মধ্যপ্রাচ্য সফর করবেন। এ সময় তিনি ইসরায়েল-ফিলিস্তিন এলাকা ছাড়াও সৌদি আরব, মিশর, কুয়েত, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
গত মাসে যুক্তরাষ্ট্রের আনাপোলিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের পর ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বুশ আগমী জানুয়ারিতে মধ্যপ্রাচ্য সফর করবেন। তবে ওয়াশিংটন তখন এ ব্যাপারে কিছুই বলেনি।
হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো মঙ্গলবার বলেন, "আনাপোলিস সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন শান্তির ব্যাপারে যে অগ্রগতি হয়েছে তা আরও এগিয়ে নিতে বুশ এই সফরে যাচ্ছেন। প্রেসিডেন্ট চান দুটি গণতান্ত্রিক দেশ নিরাপত্তা ও শান্তির মধ্যে পাশাপশি অবস্থান করুক।"
যুক্তরাষ্ট্র আয়োজিত আনাপোলিস সম্মেলনে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট নিজেদের মধ্যে আলোচনা শুরু ও ২০০৮ সলের মধ্যে একটি শান্তি চুক্তির ব্যপারে সম্মত হন।
প্রেসিডেন্ট বুশ ক্ষমতায় আছেন আর মাত্র ১৩ মাস। তিনি চাইছেন এ সময়ের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি করে কৃতিত্ব নিতে। তাছাড়া ইরাক ও আফগান যুদ্ধে তার ভাবমূর্তি যতটা ক্ষতি হয়েছে ক্ষমতা ছাড়ার আগে তা কিছুটা হলেও পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
তবে গত সাত বছর ক্ষমতায় থেকে ইরাক যুদ্ধ ও ইরানের সঙ্গে বৈরিতা আরও বৃদ্ধিসহ বিভিন্নভাবে মধ্যপ্রাচ্যকে বুশ আরও বেশি সংঘাতময় করে তুলেছেন। কাজেই ক্ষমতা ছাড়ার আগ মূহুর্তে এসে মধ্যপ্রাচ্য শান্তি নিয়ে তার তোড়জোড় সংশয়ের সৃষ্টি করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১২৩০ ঘ.
bdnews24