আলজিয়ার্স, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে গত সপ্তাহে ভয়াবহ বোমা হামলায় বিধ্বস্ত জাতিসংঘ অফিস মঙ্গলবার পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
এক দিনের সফরে বান মঙ্গলবার আলজিয়ার্সে পৌঁছান। বোমা হামলা বিধ্বস্ত জাতিসংঘ অফিস পরিদর্শন শেষে তিনি আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফ্লিকার সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়া তিনি বোমা হামলায় আহত জাতিসংঘ কর্মচারীদের খোঁজখবর নিতে হাসপাতালে যেতে পারেন বলে আশা করা হচ্ছে।
গত ১১ ডিসেম্বর আলজিয়ার্সে জোড়া বোমা হামলায় ১৭ জাতিসংঘ কর্মচারীসহ ৩৭ জন নিহত হয়। প্রথম বোমাটি বিস্ফোরিত হয় রাজধানীর অভিজাত এলাকা বেন আকাকুনে একটি সাংবিধানিক আদালত ভবনের বাইরে। দ্বিতীয় বোমাটি শহরের হাইদ্রা এলাকার জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয়ে। আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা ওই হামলার দায় স্বীকার করে।
আলজেরিয়ার সরকারি বার্তা সংস্থা এপিএস জানায় আলজিয়ার্সে পৌঁছে বান বলেন, "সন্ত্রাসবাদকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।"
তিনি বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আলজেরিয়া ও পুরো বিশ্ব এক সঙ্গে কাজ করে যাচ্ছে।"
প্রত্যক্ষদর্শীরা জানায়, বান কি মুনকে বিশাল নিরাপত্তা প্রহরার মধ্যে হাইদ্রা এলাকার বিধ্বস্ত জাতিসংঘ অফিস দেখাতে নিয়ে যাওয়া হয়। এ সময় সাংবাদিকদের বানের গাড়িবহরের সঙ্গে যেতে দেওয়া হয়নি।
ইউরোপের অন্যতম তেল সরবরাহকারী ওপেকভূক্ত আলজেরিয়া ১৯৯০ এর দশক জুড়ে সংঘাতের পর সবেমাত্র স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। ১৯৯২ সালের নির্বচনে একটি কট্টরপন্থী ইসলামী দলের জয়ের সম্ভাবনা দেখা দিলে দেশটির সেনা-সমর্থিত সরকার নির্বাচন বাতিল করে। এর পর থেকে শুরু হওয়া সংঘাতে এক দশকে প্রায় দুলাখ মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৮ ঘ.
bdnews24