ইসলামাবাদ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে নির্বাচন কমিশন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে নওয়াজের দাখিল করা আবেদন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে। নওয়াজের আইনজীবী মঙ্গলবার একথা জানিয়েছেন।
দীর্ঘ সাত বছরের নির্বাসন শেষে নওয়াজ শরীফ গত মাসে দেশে ফেরেন। আগামী জানুয়ারির সাধারণ নির্বাচন বয়কটে বিরোধী অন্যদলগুলোর সঙ্গে সমঝোতায় ব্যর্থ হয়ে এখন তিনি নির্বাচনী প্রচারাভিযান চালাচ্ছেন। কিন্তু দুর্নীতি মামলায় গত মাসে তাকে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
নওয়াজের দাবি রাজনৈতিক অসৎ উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়েছে। এরপর তিনি ওই রায়ের বিরুদ্ধে আবেদন করেন। কিন্তু নির্বাচন কমিশন তার আবেদন খারিজ করে দিয়ে তাকে নির্বাচনী আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছে। গত মাসে জরুরি অবস্থা জারি করে মুশাররফপন্থী যে বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের নিয়েই গঠিত এই আদালত।
নওয়াজ শরীফের আইনজীবী আকরাম শেখ রয়টার্সকে বলেন, "আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, ওই আদালত সাংবিধানিকভাবে গঠন করা হয়নি। কিন্তু তারা আমাদের আবেন খারিজ করে দিয়ে বলেছে, নওয়াজের জন্য তারা আইনের ব্যতিক্রম করতে পারবে না।"
অর্থ কেলেঙ্কারির অজুহাত দেখিয়ে নির্বাচন কমিশন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকেও নির্বাচনে অংশ নিতে দিচ্ছেনা।
নওয়াজের এক মুখপাত্র নাদির চৌধুরী অভিযোগ করেন, নওয়াজকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া সরকারের ভোট জালিয়াতি পরিকল্পনারই অংশ।
তিনি বলেন, "নওয়াজকে অংশ নিতে না দিয়ে তার সমর্থকদের বুঝানোর চেষ্টা করা হচ্ছে যে তার দল নির্বাচনে জিতবে না।"
গত মাসে জরুরি অবস্থা জারি করে মুশাররফ সংবিধান স্থগিত করে বিচারকদের নিয়োগ দিয়েছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, "নওয়াজ শরীফ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন ওই আদালতে তিনি আবেদন করবেন না।"
জরুরি অবস্থা জারি করে মুশাররফ প্রধানবিচারপতি ইফতিখার চৌধুরীসহ তার প্রতি বিরোধী মনোভাবাপন্ন অনেক আইনজীবীকে বরখাস্ত করেন। এরপর তিনি সংবিধানের আপাতকালীন ক্ষমতাবলে তার অনুগত বিচারকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩২ঘ.
bdnews24