কলম্বো, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে বন্যার কবলে পড়ে ২০ হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মৌসুমি বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় সেখানে এ বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় কৃষিপ্রধান আমপারা জেলা। এছাড়া, পার্শ্ববর্তী বাত্তিকালোয়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের 'ইমার্জেন্সি অপারেশন্স' এর উপ-পরিচালক রামায়া সিরিবানসা জানিয়েছেন, এখন পর্যন্ত ২২,৬১২ জন লোক গৃহহীন হয়েছেন।
তিনি বলেন, "তারা আশ্রয় কেন্দ্র নয়, আত্মীয় ও বন্ধুদের বাড়িতে রয়েছেন।"
তিনি আরও বলেন, প্রায় চারশ' একর ধানক্ষেত দুই ফুট পানির নীচে তলিয়ে যায়। অবশ্য, এখন পানি কমতে শুরু করেছে।
সিরিবানসা বলেন, ভারী বর্ষণের ফলে ভূমি ধসে চা উৎপাদনকারী পার্বত্য নুবারা এলিয়া জেলার বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, শ্রীলঙ্কার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বর্ষণ অব্যাহত থাকতে পারে। তবে ভারী বর্ষণ নাও হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৫৫৭ ঘ.
bdnews24