মুম্বাই, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা প্রমোদ মহাজন হত্যাকাণ্ডে তার ছোট ভাই প্রবীণ মহাজন দোষী সাব্যস্ত হয়েছেন। সোমবার মুম্বাইয়ের একটি নিম্ন আদালত মোবাইল ফোনের একটি টেক্সট মেসেজকে তার দোষী সাব্যস্ত হওয়ার সাক্ষ্য হিসাবে গ্রহণ করে।
ভাই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলেও সোমবার আদালত প্রবীণকে কোনো দণ্ড দেয়নি। মঙ্গলবার এ দণ্ড ঘোষণা করতে পারে আদালত।
গত বছরের এপ্রিল মাসে মুম্বাইয়ের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৫৬ বছর বয়সে মারা যান বিজেপির সম্ভাব্য পরবর্তী শীর্ষ নেতা প্রমোদ মহাজন। ওই ঘটনার পর ধারণা করা হচ্ছিল, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে খুন হয়ে থাকতে পারেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ।
পুলিশ জানিয়েছে, তার ভাই প্রবীণ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন। কিন্তু পরবর্তীতে আদালতে তিনি তা অস্বীকার করেন। মামলার বাদী পক্ষ জানিয়েছে, প্রমোদ বিপুল অংকের অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়েছিলেন প্রবীণ।
সোমবারের শুনানিকালে বাদী পক্ষের আইনজীবীরা প্রবীণের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে প্রমোদকে পাঠানো একটি 'হুমকি' দেওয়া মোবাইল ফোন টেক্সট মেসেজ উপাস্থাপন করেন। এরপর একজন টেলিযোগাযোগ বিশেষজ্ঞকে তা দেখানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৭০৪ ঘ.
bdnews24