মস্কো, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের বুশেহের পরমাণু স্থাপনার জন্য প্রথম পরমাণু জ্বালানি পাঠিয়েছে রাশিয়া। বুশেহের পরমাণু স্থাপনা নির্মাণ কাজে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান এই পরমাণু জ্বালানি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করবে না বলে লিখিতভাবে আশ্বাস দিয়েছে। তাছাড়া তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের অনুরোধও জানানো হয়েছে।
পরমাণু স্থপনা নির্মাণকারী সংস্থা 'এটমস্ট্রোইয়েক্সপোর্ট' বলেছে, "পরমাণু জ্বালানি সরবরাহের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে ১৬ ডিসেম্বর ২০০৭ এ। আইএইএ অস্ত্র পর্যবেক্ষকদের সীল করে দেওয়া পরমাণু জ্বালানি ইরানের পরমাণু স্থাপনায় পাঠানো হয়েছে এবং বিশেষ একটি মজুদাগারে সেগুলো রাখা হয়েছে।"
এ ব্যাপারে মন্তব্যের জন্য কোনো ইরানি কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে আসা বুশেহের পরমাণু স্থাপনাটি ইরানের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
এই কেন্দ্রে রাশিয়ার পরমাণু জ্বালানি পাঠানোর জেরে ওয়াশিংটন ও অনান্য পশ্চিমা দেশের সঙ্গে মস্কোর কূটনৈতিক বিরোধ অনেক দূর পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের ধারণা ইরাক বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। একারণে যুক্তরাষ্ট্র এই জ্বালানি ইরানে না পাঠানোর জন্য মস্কোকে অনুরোধ জানিয়েছিল।
তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য কেবলই বিদ্যুৎ উৎপাদন। ওদিকে, জাতিসংঘ পরমাণু নজরদারি সংস্থার গাইডলাইন অনুযায়ীই বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।
মস্কো বলেছে, এতে ইরানের সামরিক প্রযুক্তি অর্জনের কোনও ঝুঁকি নেই।
এটমস্ট্রোইয়েক্সপার্ট এর বিবৃতিতে বলা হয়েছে, বুশেহের পরমাণু কেন্দ্রে পুরো জ্বালানি সরবরাহ করতে মোট দু'মাস সময় লাগবে। কয়েকটি ধাপে এই জ্বালানি সরবরাহ শেষ করা হবে। জ্বালানি হাতে পেয়ে গেলে ইরান ৬ মাসের মধ্যে বুশেহের পরমাণু কেন্দ্রের কাজ শুরু করতে পারবে বলেও জানায় এটমস্ট্রোইয়েক্সপার্ট।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে লিখেছে, "জ্বালানি অন্য কাজে ব্যবহার না করার জন্য ইরানের পক্ষ থেকে অতিরিক্ত একটি লিখিত আশ্বাস পাওয়া গেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24