ম্যানিলা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের তালিকাভূক্ত সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন 'আবু সায়াফ' এর এক শীর্ষ নেতা মবিন আব্দুররাজাককে ফিলিপাইনের সেনাবাহিনী হত্যা করেছে। দ্বীপ দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত তার আস্তানায় শনিবার অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। রোববার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
২০০০ সালে মালয়েশিয়ার পর্যটন দ্বীপ 'সিপাদান' থেকে ২১ জন লোক অপহরণের জন্য যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত হন আব্দুররাজাক। অপহৃতরা পরবর্তীতে ক্ষতিপূরণের বিনিময়ে মুক্তি পেয়েছিলেন।
নৌবাহিনীর আঞ্চলিক প্রধান রিয়ার অ্যাডমিরাল এমিলিয় মারায়াগ বলেন, "আবু সায়াফ সন্ত্রাসীদের নির্মূলের একটি অংশ আব্দুররাজাককে নিস্ক্রিয়করণ।"
জানা গেছে, শনিবার রাতে ফিলিপাইনের সর্ব দক্ষিণের তাই-তাই দ্বীপে অবস্থিত আব্দুররাজাকের আস্তানায় নৌবাহিনীর কর্মকর্তা এবং সেনারা অতর্কিত হামলা চালায়। এসময় গোলাগুলিতে তিনি নিহত হন।
আবু সায়াফ গ্র"পের প্রধান গাদাফি জানজালিনের ঘনিষ্ঠ আত্মীয় আব্দুররাজাককে গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্র ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
জানজালানি গত বছর ফিলিপাইন সেনাবাহিনীর সঙ্গে এক সংঘর্ষে নিহত হয়েছেন।
এর আগে গত সপ্তায় আবু সায়াফ গ্র"পের ১৪ জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০১ সালে পশ্চিম ফিলিপাইন থেকে এক মার্কিনসহ ২০ জনকে অপহরণের পর তাদের তিনজনকে হত্যার দায়ে তাদেরকে এ সাজা দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১২১০ ঘ.
bdnews24