মাদ্রিদ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোর মূল্য যে অনেক বেশি এবং জীবনটা যে আরও বেশি ব্যয়বহুল তা এখনও ভালভাবে বুঝে উঠতে পারেনি স্পেনের জনগণ। তাই হয়তো হুট করেই ওয়েটারকে এক ইউরো বকশিস দিয়ে বসে। কিন্তু জীবনের বাস্তবতা অনুধাবন করে কম কম বকশিশ দিতে নিজের দেশের জনগণকে পরামর্শ দিয়েছেন স্পেনের অর্থমন্ত্রী।
শনিবার এক রাজনৈতিক সমাবেশে অর্থমন্ত্রী পেড্রো সোলবেস বলেন, "আমি দেখেছি মানুষ সামান্য এক কাপ কফি পান করে অনায়াসে এক ইউরো বকশিশ দিচ্ছেন। দেখা যাচেছ তারা যে পয়সার খাবার খেয়েছে তার অর্ধেক বকশিশ দিল।"
আগামী বছর সাধারণ নির্বাচনের আগে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনার জন্য ওই সমাবেশের আয়োজন করা হয়।
সোলবেস বলেন, "লোকজন ইউরোর মূল্যকে গুরুত্ত্ব দিচ্ছে না। ২০ সেন্ট সমান ৩২ পেসেতা। আর এক ইউরোর দাম ১৬০ পেসেতা।" পেসেতা স্পেনের মূদ্রা।
২০০২ সালে স্পেনে ইউরো চালু হওয়ার আগে মানুষ সাধারণত ২৫ পেসেতা বকশিশ দিত। তখন এক ইউরোর দাম ছিল ১৬৬ পেসেতারও বেশি।
ইউরো চালু আছে এমন অন্য দেশের তুলনায় স্পেনে মুদ্রাস্ফীতি অনেক বেশি। এর জন্য দায়ী গড় এর তুলনায় আরও বেশি প্রবৃদ্ধি। নভেম্বরে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ ৪.১ শাতাংশে পৌঁছায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৫ ঘ.
bdnews24