কুয়ালালামপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালেশিয়া তাদের নিজেদের নিরাপত্তা আইনের বিষয়ে নাক না গলানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিষেধ করে দিয়েছে। তারা বলেছে যুক্তরাষ্ট্রের উচিৎ গুয়ান্তানামো বন্দিশিবিরের কথা মনে রেখে বিনাবিচারে আটক রাখা সংক্রান্ত মালেশিয়ার অভ্যন্তরীণ আইনের বিষয়ে সমালোচনা না করা। শনিবার 'নিউ স্ট্রেইটস টাইমস' পত্রিকা এ খবর দিয়েছে।
সরকার বিরোধী আন্দোলন দমাতে মালেশিয়া গত মাসে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) আওতায় পাঁচ জাতিগত ভারতীয় সংখ্যালঘুকে গ্রেপ্তার করে। তাদের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে এই আইনের আওতায় তাদেরকে বিনবিচারে দু'বছর পর্যন্ত আটক রাখা যাবে।
গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শ্যন ম্যাকরম্যাক এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন আশা করছে মালেশিয়ায় আটকরা পূর্ণাঙ্গ আইনি সহায়তা পাবে এবং নাগরিকদের প্রাপ্য অধিকার তাদেরকে দেওয়া হবে। তাছাড়া দ্রুত ও স্বচ্ছভাবে তাদের বিচার হবে।
যুক্তরাষ্ট্রের ওই বক্তব্যের জবাবে মালেশিয়ার উপ-প্রধানমন্ত্রী নাজিব রাজেক বলেন, "মালেশিয়ার আইনের আওতায় আটকদের বিচার হবে এবং তারা সকল নাগরিক অধিকার ভোগ করবে। তাদের বিচার দ্রুতই হবে।"
কিউবায় মার্কিন নৌ ঘাঁটি গুয়ান্তানামো বন্দিশিবিরে আটক বন্দিদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র কি গুয়ান্তানামো বন্দিদের সুবিচার দিতে পারে না? তারা দিলে আমরাও দেব।"
নাজিব বলেন, "গত ২৫ নভেম্বর বেআইনি সমাবেশ করার আগে হিন্দু রাইটস অ্যাকশন ফোর্সকে অনেকবার পরামর্শ ও সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা গ্রাহ্য না করায় অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়।"
তিনি বলেন, "আমরা সব সময় জনগণকে বলছি আইন মেনে চলতে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুতারাং আইএসএ কার্যকর করায় বিস্মিত হওয়ার কিছু নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৫২ ঘ.
bdnews24