ব্রাসেলস, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কসোভো সমস্যা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন নেতারা সার্বিয়াকে দ্রুত ইইউ সদস্যপদ দেওয়ার প্রস্তাব দেওয়ার চিন্তা-ভাবনা করছেন। শুক্রবারই তারা কসোভোর স্বাধীনতার বিনিময়ে সার্বিয়াকে দ্রুত ইইউ সদস্য করার প্রস্তাব দিতে চান। তবে সার্বিয়া জানিয়ে দিয়েছে, ইইউ সদস্যপদ প্রাপ্তি ত্বরান্বিত করার বিনিময়ে তারা কোনো অবস্থাতেই কসোভো প্রদেশের স্বাধীনতা দেবে না।
সংবিধান প্রণয়ন নিয়ে অচলাবস্থা অবসানের লক্ষ্যে গত বৃহস্পতিবার পর্তূগালের রাজধানী লিসবনে ইইউ নেতারা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন। এখন তাদের লক্ষ্য বিশ্বায়ন, অভিবাসন ও বলাকান এলাকায় অস্থিতিশীলতাসহ যে সমস্ত চ্যালেঞ্জ সামনে আছে তা মোকাবেলায় পদক্ষেপ নেওয়া। বিশেষ করে বলকানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা তাদের পররাষ্ট্রনীতির পরীক্ষাও বলা যায়।
কসোভো স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলে বলকান এলাকায় যে অস্থিতিশীলতা সৃষ্টি হবে তা কোনো অবস্থাতেই ইইউ চায় না। এ কারণে এই সমস্যার সমাধান বের করতে তারা মরিয়া। সে কথা মাথায় রেখেই ইইউ নেতারা সার্বিয়াকে দ্রুত তাদের সদস্য করে নেওয়ার প্রস্তাব দিতে চাইছেন। এর বিনিময়ে সার্বিয়া যদি কসোভোর ব্যাপারে ছাড় দেয়-- সেটাই তাদের প্রত্যাশা।
রয়টার্সের কাছে আসা লিবসন সম্মেলনের খষড়া ঘোষণায় বলা হয়েছে, "ইইউতে যোগ দেওয়ার পথ সংকীর্ণ রাখার কথা আবারও জোর দিয়ে বলা হচ্ছে।"
এতে আরও বলা হয়েছে, "সার্বিয়ার কসোভো প্রদেশ নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে। এখন আর স্থিতিবাস্থা কামনা করা যায় না এবং বলকান এলাকায় ভবিষ্যৎ শন্তির জন্য কসোভোর বিষয়টা মিমাংসা হওয়া প্রয়োজন হয়ে পড়েছে।"
খষড়া ঘোষণার এই বক্তব্যের বিষয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাত্তি ভেনানেন বলেন, "এতে সঠিক পদক্ষেপই নেওয়া হচ্ছে।"
১৯৯০ সালের বলকান যুদ্ধের কথা উল্লেখ করে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ক্যারল ডি গুচে বলেন, "ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি হাতে না নেওয়ায় সাবেক যুগোস্লাভিয়ার ভাগ্যে কি ঘটেছে আমরা তা দেখেছি।"
তবে কসোভোর বিনিময়ে দ্রুত ইইউতে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছে সার্বিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রী ভুক জেরেমিক জানিয়েছেন, তারা কোনো অবস্থাতেই কসোভোর ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ ছাড়বে না।
বেলগ্রেডে তিনি সাংবাদিকদের বলেন, "এই ধরনের বিনিময় মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। এটা অন্যায় প্রস্তাব। ইউরোপের নেতারা ভদ্রলোক, তারা এ ধরনের প্রস্তাব দিতে পারেন না"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৩ঘ.
bdnews24