কাঠমাণ্ডু, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- "নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করতে সরকার এখন প্রস্তুত"-- নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ প্রসাদ সিতাউলা শুক্রবার একথা বলেছেন। সাবেক মাওবাদী বিদ্রোহিদের দাবি নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকার অবিলম্বে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করতে নীতিগতভাবে রাজি হতে পারে বলেও জানিয়েছেন কৃষ্ণ প্রসাদ। তবে তিনি বলেন, "গণপরিষদের প্রথম অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদন পাওয়ার পরই তা বাস্তবায়ন করা হবে।"
অবিলম্বে রাজতন্ত্র বিলুপ্ত করে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণার দাবিতে মাওবাদীরা সেপ্টেম্বরে সরকার থেকে বেরিয়ে আসে। তাদের এ পদক্ষেপে পিছিয়ে যায় নেপালের গণপরিষদ নির্বাচন। গত মাসে এ নির্বাচন হওয়ার কথা ছিল।
কিন্তু মাওবাদীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারকে সহযোগিতা না করায় অটল থাকায় রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। সরকারের সঙ্গে মাওবাদীদের শান্তিচুক্তি ভেঙে পড়ার উপক্রম হয়। গত বছর মাওবাদীরা অস্ত্র ছেড়ে সরকারের সঙ্গে শান্তি চুক্তি করে।
নেপালে ৪৯৭-সদস্যের গণপরিষদে মাওবাদীরা পূর্ণ আনুপাতিক নির্বাচন চায়। এই নির্বাচনের মধ্য দিয়ে নেপালে নতুন সংবিধান রচিত হবে। সেইসঙ্গে নির্ধারিত হবে রাজতন্ত্রের ভবিষ্যৎ। কিন্তু মাওবাদীদের আশঙ্কা, আগেভাগেই রাজতন্ত্র বিলুপ্ত করা না হলে রাজা জ্ঞানেন্দ্র নির্বাচন বানচাল করার চেষ্টা নিতে পারেন।
নেপাল সরকার এতদিন নির্বাচনের আগে রাজতন্ত্র বিলোপের সিদ্ধান্ত নিতে অপারগতা প্রকাশ করে আসলেও শুক্রবার কৃষ্ণ বাহাদুর মাওবাদীদের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিলেন। সরকার নেপালকে প্রজাতন্ত্র ঘোষণায় প্রস্তুত রয়েছে বলার পাশাপাশি তিনি মাওবাদীদের উদ্বেগ বিবেচনায় নিয়ে সরকার কিছু নির্বাচনী সংস্কারে রাজি হতেও প্রস্তত বলে জানিয়েছেন।
ওদিকে, মাওবাদীরাও জানিয়েছে সরকারের সঙ্গে মতৈক্য হওয়া সম্ভব।
মাওবাদীদের সঙ্গে শুক্রবারই বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার। ওই বৈঠকেই বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা চলবে। মাওবাদীদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা বলেছেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা চুক্তিতে উপনীত হব বলে আশা করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৮ঘ.
bdnews24