নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা মোকাবেলায় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর একটি নির্দিষ্ট সময়সীমা ও স্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের মধ্য দিয়েই শুক্রবার বালি সম্মেলন শেষ করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন আইপিসিসি প্রধান রাজেন্দ্র পাচৌড়ি।
'জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' - আইপিসিসি'র উদ্যোগে ডিসেম্বরের ৩ তারিখ থেকে বালিতে শুরু হয় 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন'। ১৯০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ১৪ তারিখ শুক্রবার এ সম্মেলন শেষ হচ্ছে।
কিন্তু ২০২০ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার ১৯৯০ সালের স্তরের চেয়ে কমপক্ষে ২৫-৪৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে প্রবল বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা। অন্যদিকে চীন,ভারত, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এ লক্ষ্যমাত্রা নির্ধারণের পক্ষে মাঠে নামলে অচলাবস্থা সৃষ্টি হয় বালি আলোচনায়।
তবে শেষপর্যন্ত একটা সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী আইপিসিসি প্রধান রাজেন্দ্র পাচৌড়ি।
আইপিসিসি প্রধান বলেন, " আমরা যদি ২০২০ সালের মধ্যে নির্গমন কমানোর বিষয়ে একটি শক্তিশালী অবস্থানে আসতে পারি এবং কোন হারে নির্গমন কমানো হবে তার সংখ্যা নির্ধারণের জন্য সময়সীমা বেঁধে দিতে পারি তাহলেও একে একটি অগ্রগতি বলবো আমি।"
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান রাখার জন্য আইপিসিসি'র নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করে নরওয়ের অসলো থেকে বালিতে ফিরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সময়সীমা নির্ধারণের বিষয়ে একটি চুক্তি হলেও তা শিল্পোন্নত দেশগুলোর নির্গমন মাত্রা নির্ধারণের সুযোগ করে দেবে, "তা আজ বালিতে সম্ভব না হলেও হয়তো ছয়মাস পর তা সম্ভব হবে।"
পাচৌড়ি বলেন, "স্পষ্ট করে ২০২০ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণের অবশ্যই অনেক গুরুত্ব আছে।"
যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত দেশগুলোর বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, " তারা যদি এরকম সংখ্যা নির্ধারণের বিষয়টি মেনে না নেয়, তাহলে অন্তত ২০৫০ সালের মধ্যে পুরোপুরি গ্রিনহাউস গ্যাস নির্গমনের লক্ষ্য নির্ধারণে কঠোর ঘোষণার মতো একটি বিষয়ে আসতে হবে আমাদের। তবে নির্গমন কমানোর সঠিক হার হয়তো আগামী ছয়মাসে ঠিক করবো আমরা। আমাদের অন্তত সময়সীমার বিষয়ে জোর দেওয়া উচিৎ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫৪ ঘ.
bdnews24