বেইজিং, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশে একটি ফুলের দোকান থেকে বহুতল আবাসিক ভবনে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে বুধবার ২১ জন নিহত হয়েছে। একটি চীনা বার্তা সংস্থা একথা জানিয়েছে।
দ্য চায়না নিউজ সার্ভিস জানায়, রাস্তার পাশের একতলা ফুলের দোকান থেকে আগুনটি প্রথমে একই ভবনের দোতলায় থাকা ব্যায়ামাগারে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা ২৮ তলা আবাসিক ভবনটির ওপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে।
নিহতদের বেশিরভাগই সকালের শরীরচর্চা করতে আসা বয়স্ক ব্যক্তি। ফুলের দোকানটিতে আগুনে পুড়ে মারা যান ২ জন। বাকী ১৯ জনই দোতলায় ব্যায়ামাগারে শরীরচর্চারত বয়স্ক ব্যক্তি। ব্যায়ামাগারের ভেতরে আটকা পড়া লোকজন আগুনে না পুড়লেও সেখানে জমে ওঠা কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় নিহত হন।
এছাড়া আরও দুইজন গুরুতর আহত হন।
আগুন ছড়িয়ে পড়তে থাকলে ভবনটির শত শত বাসিন্দা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন এবং তাদের উদ্ধার করেন।
আধা-সরকারি বার্তা সংস্থাটির খবরে বলা হয়, প্রায় ২০০ দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ভবনটির ১০৫ জন আটকাপড়া বাসিন্দাকে উদ্ধার করেন। এছাড়া আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় আরও ৯৮ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন তারা।
বিডনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24