ওয়াশিংটন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জানুয়ারীর নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি অতিরিক্ত আসনে জয়লাভ করবে-- এমনটিই আশা করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ক্ষমতাসীন দল হতে হলে জোট গড়া অবশ্যক। আর তা করতে হলে প্রেসিডেন্ট মুশাররফের ছায়া না মাড়িয়ে বরং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেই সঙ্গে নিতে চান বেনজির। 'দ্য ওয়াশিংটন টাইমস' পত্রিকা বুধবার একথা বলেছে।
পত্রিকার প্রতিবেদনের বলা হয়েছে, বেনজির বলেছেন, "নওয়াজ শরীফের দলের সঙ্গে যোগ দেওয়া সম্ভব। কিন্তু প্রেসিডেন্ট মুশাররফ, তার নিয়ন্ত্রণাধীন কোনো দল বা মুসলিম ধর্মগুরুদের সঙ্গে কোনো জোট নয়।"
মুশাররফের পাকিস্তান মুসলিম লীগ শাখাকে ইঙ্গিত করে বেনজির বলেন, "কেউই 'কিউ' এর জয় মেনে নেবে না। দেশে তার কোনো সমর্থন নেই।"
ওদিকে, মুশাররফ বলেছেন, "তিনি যে কোনো দলের সঙ্গেই সহযোগিতা করতে প্রস্তুত। আল-জাজিরা সংবাদ সংস্থাকে মুশাররফ বলেন, "নির্বাচনের মধ্য দিয়ে যে দলই ক্ষমতায় আসুক আমি সে দলের সঙ্গেই কাজ করে যাওয়ার চেষ্টা করব।"
ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বেনজির বলেছেন, প্রেসিডেন্টের পার্টির ভোট কুড়ানোর একমাত্র পথ হচ্ছে সরকারি কর্মকর্তাদের অবৈধ সমর্থন। এ কারণে বেনজির পুনরায় সতর্কতার সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণের দাবি জানান।
পত্রিকাটি জানায়, বেনজির জোর দিয়েই বলেছেন, তার এবং নওয়াজ দুজনের দলই ৮ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ব্যাপারে সন্দিহান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১১ঘ.
bdnews24