ব্রাসেলস, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সার্বিয়া থেকে স্বাধীনতার ঘোষণা দিতে অবিলম্বে পশ্চিমা সমর্থকদের সঙ্গে আলোচনা শুরু করছেন বলে জানিয়েছেন কসোভোর আলবেনীয় নেতারা। ওদিকে, কসোভোর স্বাধীনতার প্রশ্নে ঐক্যের কাছাকাছি পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সার্বিয়ার বিচ্ছিন্নতাবাদী প্রদেশ কসোভোর ভবিষ্যত প্রশ্নে একমত হওয়ার জন্য জাতিসংঘের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়েছে সোমবার। ইইউ দেশগুলো শেষ সময়ে মতৈক্যের কাছাকাছি পৌঁছেছে। তবে রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, কসোভো একতরফা স্বাধীনতা ঘোষণা করলে বিশ্ব জুড়ে সমস্যা দেখা দিতে পারে।
সার্বিয়ার সঙ্গে কসোভোর আলোচক দলের মুখপাত্র সেকেন্দার হাইসেনি প্রিস্টিনায় বলেন, " আজ থেকে স্বাধীনতার ঘোষণা দিতে সমন্বয় সাধনের পথে এগুতে কসোভো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করছে।
তিনি আরও বলেন, " কসোভো ও এর জনগণ জরুরি ভিত্তিতে তাদের ভবিষ্যৎ সম্পর্কে পরিস্কার করে জানতে চায়। কসোভো ইন্সটিটিউশন তাদেরকে শিগিগিরই পরিস্কার করে সবকিছু জানাবে। তিনি বলেন, " এ ব্যাপারে একটি ঘোষণা মে মাসের আগেই আসবে।"
কসোভোর স্বাধীনতা বিরোধী সার্বিয়া জোর দিয়ে বলেছে, কসোভোর ভবিষ্যৎ নির্ধরণের এখতিয়ার কেবল জাতিসংঘেরই আছে। বেলগ্রেডে এক সম্মেলনের ফাঁকে সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী বজিদার জেলিক বলেন, "এই প্রক্রিয়া জাতিসংঘ নিরাপত্তা পারিষদ ও এর সদস্য দেশগুলোর আওতাধীন। এটি ইইউ এর আওতাধীন নয়।"
ওদিকে, কসোভো নিয়ে আলোচনার জন্য ব্রাসেলসে সমবেত হন ইইউ মন্ত্রীরা। সম্মেলনে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ট সাংবাদিকদের বলেন, "কসোভো প্রশ্নে কার্যত মতৈক্য হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩১ঘ.
bdnews24