২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মুশাররফের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আগামী ৮ জানুয়ারি সাধারণ নির্বাচনকে সামনে রেখে সোমবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-(এম)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী ৮ জানুয়ারি সাধারণ নির্বাচনকে সামনে রেখে সোমবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-(এম)। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-(এন) নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই মুশাররফ এ নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন। গত বছরগুলোর মতো আগামীতেও পাকিস্তানের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, গণ-সাক্ষরতা এবং কঠোর প্রতিরক্ষার প্রতিশ্র"তি মুশাররফের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়। মুশাররফের দলের মহাসচিব মুশাহিদ হোসাইন বলেন, "আমরা খুবই আত্মবিশ্বাসী এবং যে কোনো প্রতিপক্ষকে মোকাবেলা করতে প্রস্তুত। আমাদের ইশতেহার খুবই শক্তিশালী এবং আমাদের প্রার্থীরাও শক্তিশালী।" ওদিকে, বেনজির ভুট্টোর সঙ্গে শেষপর্যন্ত কোনোরকম নির্বাচনী সমঝোতায় পৌঁছতে না পারলেও রোববার তার দলের নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন নওয়াজ। অবশ্য নওয়াজ শরীফ নিজে এ নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না। কিন্তু এ অবস্থাতেও নওয়াজ-বেনজির দুজনের দলই নির্বাচনে অংশ নেওয়ায় তা মুশাররফের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এবং পাকিস্তানে একটি ঝুলন্ত পার্লামেন্টের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে নওয়াজের দলের নির্বাচনে অংশ নেওয়াকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা কমে আসার পক্ষে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সবাই। নওয়াজের এ ঘোষণার পরদিন সোমবারই পাকিস্তানের প্রধান শেয়ার বাজারের সূচক ০ দশমিক ৬৮ শতাংশে উন্নীত হয়। একে রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনায় বিনিয়োগকারীদের আস্থা হিসেবে দেখা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৩ ঘ.