অসলো, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখার জন্য যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর এবং জাতিসংঘের 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' আইপিসিসি'র হাতে এই পুরস্কার তুলে দিচ্ছে নরওয়ে। সোমবার রাজধানী অসলোতে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আইপিসিসি চেয়ারম্যান রাজেন্দ্র পাচৌড়ি এবং আল গোর এ উপলক্ষ্যে রোববার অসলোয় পৌঁছেছেন।
নোবেল পুরস্কার গ্রহণের প্রাক্কালে জলবায়ু পরিবর্তন আন্দোলনকে ৮০'র দশকের 'পরমাণু বোমা নিষিদ্ধকরণ' আন্দোলনের সঙ্গে তুলনা করেন আল গোর।
আল গোর বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃবৃন্দকে প্রভাবিত করতে "জনগণের-শক্তির" বিজয় অর্জিত হবে বলে আশাবাদী তিনি।
জলবায়ু পরিবর্তন আন্দোলনকে আশির দশকের শেষার্ধের "ব্যান দ্য বোম্ব" (পরমাণু বোমা নিষিদ্ধকরণ) আন্দোলনের সঙ্গে তুলনা করে গোর বলেন, জলবায়ুর ইস্যু আরও শক্তিশালী এবং এ লক্ষ্যে আন্দোলনও হতে হবে বিশ্বব্যাপী আরও বিস্তীর্ণ পরিসরে।
আশির দশকের শেষ দিকে পরমাণু নিষ্ক্রিয়করণের আন্তর্জাতিক আন্দোলনের প্রভাবে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে বাধ্য হন।
আল গোর বলেন,"আমার আশাবাদী হওয়ার একটা কারণ রয়েছে। এটা হল আমার নিজের দেশ আমেরিকা এবং অন্যত্রও জলবায়ু ইস্যুতে বিশ্বের প্রথম জনগণের ক্ষমতায়নের আন্দোলনের উত্থান দেখতে পাচ্ছি আমি।"
গোর বলেন, "আমার ঐকান্তিক প্রত্যাশা, একটি কার্যকর চুক্তির মাধ্যমে বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় করে তোলার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বালি সম্মেলনে।"
অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ শেষে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন গোর ও পাচৌড়ি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২৬ ঘ.
bdnews24