ইস্তাম্বুল, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার পার্টির (পিকেকে) গেরিলাদের দল ছাড়তে উৎসাহিত করতে নতুন আইন করার চিন্তা করছে তুরস্ক সরকার। প্রধানমন্ত্রী তয়েপ এরদোয়ানের বরাত দিয়ে তুরস্কের একটি পত্রিকা রোববার একথা জানিয়েছে।
তুরস্কের কুর্দি অধুষ্যিত এলাকায় স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে ১৯৮৪ সালে অস্ত্র তুলে নেওয়ার পর তুর্কি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৪০ হাজর মানুষ নিহত হয়েছে। তুর্কি সরকার এ জন্য পিকেকেকে দায়ী করে থাকে। তুরস্কের অভিযোগ, বিভিন্ন তুর্কি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পিকেকে গেরিলারা উত্তর ইরাককে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। ইরাকে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসাবে ইরাক সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে তুরস্ক।
তুরস্কের আইন অনুুযায়ী পিকেকের যে সমস্ত সদস্য হামলার সঙ্গে জড়িত নয় তারা বিদ্রোহী গ্র"পটিকে জানিয়ে দল ত্যাগ করলে তাদের জন্য শাস্তি মওকুফের ব্যবস্থা আছে।
তুরস্কে সবচেয়ে জনপ্রিয় দৈনিক হুরিয়াত পত্রিকা জানায়, প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান বলেছেন, "নতুন আইন করা ছাড়া কেউ এই আইনের আরও সংস্কার করতে পারবে না। কিন্তু এই আইনের আওতায় আমাদের প্রত্যাশা অনুযায়ী সাড়া পাওয়া যাচ্ছে ন।" দেশটির অন্যান্য পত্রিকাগুলোও খবরটি প্রকাশ করে।
এরদোয়ান বলেন, "নতুন পদক্ষেপের মাধ্যমে আমরা লোকজনকে পিকেকেতে যোগ দেওয়া কমাতে পারি। একই সঙ্গে পিকেকে ছেড়ে আসার জন্য আমরা তাদের উৎসাহিত করতে পারি।"
তিনি জানান, পরিকল্পনা নিয়ে সরকার সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে। তবে এ নিয়ে পিকেকের সঙ্গে আলোচনা করা হবে না। তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
এরদোয়ান বলেন, "আমরা কারো সঙ্গে আলোচনায় যেতে চাই না। আমরা বলব এই আমাদের আইন, ভাল মনে করলে আত্মসমর্পন করুন।"
পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে অভিযান চালাতে সরকারকে ক্ষমতা দিয়ে রেখেছে তুরস্কের পার্লামেন্ট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৭৫৮ ঘ.
bdnews24