জিম্বারান, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কর্মপরিকল্পনা নিয়েছেন বালি সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা। দশ দিনব্যাপী এই সম্মেলনে শনিবার থেকে বাণিজ্যমন্ত্রীদের দু'দিনের আলোচনা শুরু হয়েছে।
২০০৯ সালে কিয়োটো প্রটোকলের জায়গায় জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে আরও কার্যকর একটি চুক্তির প্রত্যাশা নিয়ে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রে এই সম্মেলন শুরু হয়েছে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধি ও মন্ত্রীরা যোগ দিয়েছেন।
৩২টি দেশের প্রতিনিধি ও ১২টি দেশের বানিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে, জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে বিশ্ব বাণিজ্যের অর্থনৈতিক শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আছে পরিবেশ সহায়ক পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক হ্রাস ও সহজ করা এবং 'সবুজ' অর্থনীতিকে আরও জোরদার করা।
অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী শিমন ক্রেন বলেন, "জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইকে শুধু পরিবেশগতভাবে মোকাবেলা করলেই হবে না। এই যুদ্ধে অর্থনৈতিক সুযোগকেও কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।"
তিনি সাংবাদিকদের বলেন, "জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াই কর্মসংস্থান ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে।"
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পর্তুগালসহ বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা শনিবারে বৈঠকে যোগ দেয়।
যুক্তরাষ্ট্র ও জাপানের মত ধনী দেশগুলো চাইছে জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলো আরও বেশি দায়িত্ব নেবে। অন্যদিকে চীন ও ভারতের মত উন্নয়নশীল দেশগুলোর দাবি এ ধরণের ঝুঁকি নেওয়ার জন্য তাদেরকে অন্যভাবে সাহায্য করতে হবে।
পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস নিঃসরণের দায় কে নেবে এবং এর বিরুদ্ধে লড়াইয়ে কারা অগ্রণী ভূমিকা পালন করবে এই বিতর্কেই বালি সম্মেলনে আলোচনায় এক প্রকার অচলাবস্থা চলছে। কিছু উন্নয়নশীল দেশকে আরও বেশি প্রতিশ্র"তি দিতে হবে বলে জাপানের আহ্বানের সঙ্গে যোগ দিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ক্রেন বলেন, "তাদের কাজ হবে সঠিক সময়ে লক্ষ্য পূরণ করা। কিন্তু আমরা চেষ্টা করছি উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকেও একই প্রতিশ্র"তি পেতে।"
কানাডার প্রতিনিধিরাও এক বিবৃতিতে জানিয়েছে, "উন্নয়নশীল দেশগুলোর জন্যও লক্ষ্যমাত্রা বেঁধে দিতে হবে।"
তবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সচিবলায়ের প্রধান ইভো ডি বোয়ের জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণের মাত্রা বেঁধে দেওয়ার দাবিকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখান করেছে।
অনেক উন্নয়নশীল দেশ জানিয়েছে, তারা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বৃদ্ধি রুখতে চায়। কিন্তু এজন্য তাদের পরিচ্ছন্ন প্রযুক্তি ও সাহায্য প্রয়োজন।
বিডিনিউ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএ/১৯০৭ঘ.
bdnews24