কাবুল, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তালেবানদের দখলে থাকা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় মুসা কালা শহরের পুনর্দখল নিতে জোরালো অভিযান শুরু করেছে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনাবাহিনী। শুক্রবার শুরু হওয়া এ অভিযানে ন্যাটো বাহিনী যুদ্ধবিমান ও হেলিকপ্টার গানশিপ ব্যবহার করছে। শনিবার আফগান এবং বিদেশি সেনাবাহিনী একথা জানিয়েছে।
আদিবাসী নেতা এবং ন্যাটো কমান্ডের নেতৃত্বাধীন ব্রিটিশ সেনাদের মধ্যকার বিতর্কিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর গত ফেব্র"য়ারি মাসে মুসা কালা শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান যোদ্ধারা।
হেলমান্দ প্রদেশের মুসা কালা শহরে চালানো এ অভিযানে ইতিমধ্যেই বেশ কয়েকজন তালেবান যোদ্ধা ও বেসামরিক আফগান নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রয়টার্সকে তারা টেলিফোনে জানান, হেলিকপ্টার গানশিপ এবং যুদ্ধবিমানগুলো শহরটিতে কয়েক দফা অভিযান চালিয়েছে।
এদিকে, কাবুল থেকে ন্যাটো জানিয়েছে, শহরটিতে চালানো অভিযানের বিস্তারিত বা এতে কোনো প্রাণহানি হয়েছে কিনা সে সম্পর্কে তাদের কাছে তাৎক্ষণিক কোনো খবর নেই।
তবে এ অভিযানে ন্যাটো বাহিনীর পাশাপাশি আরেকটি বাহিনীর নেতৃত্ব দানকারী মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার তারা মুসা কালার একটি স্থাপনায় বিমান হামলা চালিয়ে তালেবানদের এক কমান্ডারসহ বেশ কয়েকজন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।
অভিযানটি সম্পর্কে তালেবানদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় আদিবাসী নেতাদের অনুরোধের প্রেক্ষিতে মুসা কালা শহরে সর্বশেষ এ অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, তালেবানদের বিতাড়িত করে মুসা কালা শহরের পুনর্দখল নেওয়ার লক্ষ্যে এর আগে এ বছরেই আফগান এবং বিদেশি সেনারা (অধিকাংশ মার্কিন) বেশ কয়েকবার অভিযান চালিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫৮ ঘ.
bdnews24