নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে ২০০৯ সালের মধ্যে নতুন একটি চুক্তির লক্ষ্যে বালি সম্মেলনে আলোচনা সামান্য অগ্রসর হলেও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে চীনের মতো উন্নয়নশীল দেশগুলোর রাজি হওয়ার সম্ভাবনা শুক্রবার আরও কমে গেছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ের বলেন, "কোনো সম্ভাবনাই এখনো নাকচ করে দেওয়া হয়নি।" ইন্দোনেশিয়ার বালি সমুদ্র সৈকতের একটি বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্রে গত তিন ডিসেম্বর থেকে শুরু হয়েছে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন।
গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে ধনী দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়ে বোয়ের বলেন, "তাদেরকেও একটি লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার বিষয়টি এখনো আলোচনায় আছে। তবে আমরা ধীরে ধীরে এগুচ্ছি।
২০০৯ সালে কিয়োটো প্রটোকলের জায়গায় জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে আরও কার্যকর একটি চুক্তির প্রত্যাশা নিয়ে বালিতে এই সম্মেলন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র ও জাপানের মত ধনী দেশগুলো চাইছে জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলো আরও বেশি দায়িত্ব নেবে। অন্যদিকে চীন ও ভারতের মত উন্নয়নশীল দেশগুলোর দাবি এ ধরণের ঝুঁকি নেওয়ার জন্য তাদেরকে অন্যভাবে সাহায্য করতে হবে। এই পরিপ্রেক্ষিতে আলোচনায় এমন কোনো নীতি খুঁজে বের করতে হবে যাতে দু'পক্ষই রাজি হয়।
নতুন চুক্তির বিষয়ে সার্বিক আলোচনা সম্পর্কে বোয়ের বলেন, "ভবিষ্যৎ দরকষাকষি নিয়ে আলোচনা ভালই এগুচ্ছে।"
তিনি জানান, অধিকাংশ ধনী দেশ সম্মত হয়েছে, উন্নয়নশীল দেশগুলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাবে এ আশা করার সময় এখনো হয়নি। যুক্তরাষ্ট্রে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণের মাত্রা ২০ টন, যেখানে চীন করে মাত্র ৪ টন।
তবে সম্মেলনে চীনের ভূমিকাকে 'গঠনমূলক' বলে প্রশংসা করেছেন ইভো ডি বোয়ের। চীন চাইছে জিডিপি'র বিপরীতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা কমাতে। এছাড়া তারা এজন্য নবায়নযোগ্য জ্বালানির লেনদেন বাড়াতে চায়।
অনেক উন্নয়নশীল দেশ জানিয়েছে, তারা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বৃদ্ধি রুখতে চায়। কিন্তু এজন্য তাদের পরিচ্ছন্ন প্রযুক্তি ও সাহায্য প্রয়োজন। এ নিয়ে আলোচনার জন্য বালিতে আগামী রোববার প্রায় দশ-বারটি দেশের বাণিজ্যমন্ত্রী বৈঠকে বসবেন। এছাড়া আগামী সোমবারও আলোচনা করবেন অর্থমন্ত্রীরা।
শুক্রবার সম্মেলন প্রাঙ্গণের বাইরে মুখোশ পরে বিক্ষোভ করেছে প্রায় ২৫ জন আদিবাসী প্রতিনিধি। তারা অভিযোগ করেছে, নির্ধারিত একটি আলোচনায় অংশ নিতে তাদের সম্মেলন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএ/১৯০০ঘ.
bdnews24