ওয়াশিংটন, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসী সন্দেহে আটক বন্দিদের কঠোর পদ্ধতিতে জিজ্ঞাসাবাদের ভিডিওটেপ তৈরি করা এবং তা নষ্ট করার কথা স্বীকার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ওই জিজ্ঞাসাবাদ পদ্ধতির জন্য সিআইএ বন্দি নির্যাতনের কড়া সমালোচনার শিকার হয়। বৃহস্পতিবার তারা নির্যাতনের সব টেপ নষ্ট করে ফেলার কথা জানিয়েছে।
সিআইএ'র পরিচালক মিশেল হেইডেন কর্মচারীদেরকে একটি চিঠিতে জানিয়েছেন, সন্দেহভাজন আল-কায়েদা লেফটেন্যান্ট আবু জুবায়েদাহকে গ্রেপ্তার করার পর গোপন আটকাভিযান এবং কঠোর জিজ্ঞাসাবাদ পদ্ধতি শুরু হয়। এই পদ্ধতির আওতায়ই ২০০২ সালে বন্দি নির্যাতনের ভিডিওটেপ তৈরি করা হয়। ওই বছরই টেপ তৈরির কাজ অনিয়মিত হয়ে পড়ে এবং ২০০৫ সালে টেপগুলো নষ্ট করে ফেলা হয়।
চিঠিতে হেইডেন আরও লেখেন, "ওই টেপগুলো মারাত্মক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ওগুলো একবার ফাঁস হয়ে গেলে নির্যাতন চালানো সিআইএ কর্মচারীদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয় তো ছিলই, উপরন্তু তারা চিহ্নিত হয়ে গেলে পরে তাদের পরিবারের ওপরও আলকায়েদা ও তাদের অনুসারীদের পাল্টা আঘাত আসার হুমকি ছিল।"
'দ্য নিউইয়র্ক টাইমস' বৃহস্পতিবার ওয়েবসাইটে ওই টেপগুলো নিয়ে একটি প্রতিবেদন ছেপেছে। সিনেট ও মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা টেপগুলোর তদন্ত দাবি করেছেন।
পশ্চিম ভার্জিনিয়ার সিনেটর এবং সিনট গোয়েন্দা কমিটির চেয়ারম্যান জন রকফেলার বলেছেন, টেপগুলো নষ্ট করার খবর ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত জানতে পারেনি কংগ্রেস। ওই সময়ে টেপগুলোর অস্তিত্ব সম্পর্কে তাদেরকে খুব কমই জানানো হয়েছিল বলে জানান রকফেলার। টেপগুলো ব্যবহার করা কিংবা নষ্ট করে ফেলার ব্যাপারে তাদের সঙ্গে কোনো শলাপরামর্শও করা হয়নি বলেও জানান তিনি।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৬ সালে কঠোর জিজ্ঞাসাবাদ পদ্ধতির কথা নিশ্চিত করে জানিয়েছিলেন। ওই পদ্ধতিতে পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও আরও অনেক নির্মম পদ্ধতিতে বন্দিদের কাছ থেকে কথা আদায়ের চেষ্টা চলেছে।
এরপরই বহু মার্কিন আইনপ্রণেতা এবং মানবাধিকার সংগঠন এই পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার হয়, এর নিন্দা জানায়। তিনজন বন্দির ক্ষেত্রে পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল এবং এ পদ্ধতি ২০০৩ সাল থেকে আর ব্যবহার করা হয়নি বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৩৩৫ ঘ.
bdnews24