বেইজিং, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে বৃহস্পতিবার ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৯৬ জন শ্রমিক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তাসংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
প্রাদেশিক রাজধানী তাইউয়ান থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণের লিনফেনের ওই কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে সময় কতজন কর্তব্যরত ছিলেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
'দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কোল মাইন সেফটি' জানিয়েছে, দুর্ঘটনায় ৪০ জন মারা গেছেন এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া, এখনও ৭৪ জন নিখোঁজ রয়েছেন।
অবশ্য, লিনফেনের কয়লা খনি নিরাপত্তা ব্যুরো নিহতদের এ সংখ্যা নিশ্চিত করেনি। তারা টেলিফোনে সিনহুয়াকে জানিয়েছে, কমপক্ষে ৪৬ জন মারা গেছে এবং দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১১১ জন শ্রমিক কাজ করছিল।
প্রসঙ্গত, চীন তাদের কয়লা খনির নিরাপত্তা সংক্রান্ত আইন-কানুন কঠোর করার চেষ্টা চালিয়ে আসছে। কেননা, দেশটির কয়লা শিল্প শ্রমিকরা এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছেন। গত কয়েক বছর সেখানে হাজার হাজার কয়লা খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুধু গত বছরই দেশটিতে কয়লা খনি দুর্ঘটনায় মারা গেছে প্রায় পাঁচ হাজার লোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬০৮ ঘ.
bdnews24