নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লুই পামারের ট্যাক্সির খরচ বিলাসবহুল 'ফেরারি' গাড়িরও দ্বিগুণ। ছুটতে পারে ঘন্টায় ৯০ কিলোমিটার গতিতে। কিন্তু পামার কারও কাছ থেকেই ভাড়া নেন না। বিনা ভাড়াতেই জর্ডানের যুবরাজ হাসানকে নিয়ে ঘুরেছেন হাঙ্গেরিতে। আর ইউরোপ থেকে ইন্দোনেশিয়ার বালিতে এসেও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির প্রধান আসিম স্টেইনারকে বিমানবন্দর থেকে সম্মেলন কেন্দ্রে নিয়ে যাওয়াটাও তার কাজ। অবশ্য বালিতেই তার যাত্রা শেষ হচ্ছে না। দূষণমুক্ত জ্বালানির জন্য প্রচারাভিযানে এই ট্যাক্সি নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন পেশায় শিক্ষক এই সুইডিশ নাগরিক পামার।
এক ফোঁটাও পেট্রোল না পুড়িয়েই সুইডেন থেকে ১৭টি দেশ পাড়ি দিয়ে রুমানিয়া, তুরস্ক, সিরিয়া এবং ভারত হয়ে ইন্দোনেশিয়ার বালি সম্মেলনে হাজির হয়েছেন পামার। স্থলপথে পাড়ি দিয়েছেন প্রায় ১৪,৪০০ কিলোমিটার। উদ্দেশ্য একটাই, বিশ্বব্যাপী দূষণমুক্ত জ্বালানি ব্যবহারের প্রতি সবার মনোযোগ আকর্ষণ করা।
বালিতে জলবায়ু সম্মেলন কেন্দ্রের কাছে দাঁিড়য়ে পামার রয়টার্সকে বলেছেন, "ইতিহাসে এটাই প্রথম কোনো গাড়ির বিনা পেট্রোলে বিশ্বভ্রমণ।"
তিনি জানান," এ গাড়ি সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত।"
তিনি বলেন, "আমি মানুষকে এটা বোঝাতে চাই যে, বিশ্ব উষ্ণায়ন এর সমাধানও মানুষের হাতের নাগালেই আছে।"
৩৫ বছর বয়সী এ সুইডিশ এ শিক্ষক জানান, ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় যাবেন তিনি। সেখান থেকে ল্যাটিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার অংশবিশেষ হয়ে উত্তর আফ্রিকা ঘুরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। এ বছরের জুলাইতে সুইডেন থেকে রওনা দিয়েছিলেন পামার। আগামী জুলাইয়ের মধ্যেই ঘরে ফিরতে পারবেন বলে আশা করছেন তিনি।
পামারের নীল রঙ্গের গাড়ির ছাদে ভাড়ার গাড়ির মতোই 'ট্যাক্সি' চিহ্ন লাগানো। গাড়ির পেছনে আলাদা চাকায় করে টানছেন ৬ বর্গমিটারের একটি সৌরশক্তি-প্যানেল।
সুইডেন থেকে বালিতে আসার পথে অনেক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। হাঙ্গেরিতে যেমন এক মাতালকে তার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়েছেন তেমনি জর্ডানের যুবরাজও সওয়ার হয়েছিলেন তার গাড়িতে। সিরিয়ায় তার সৌরশক্তি প্যানেলের সঙ্গে লেগে সড়ক দুর্ঘটনার পর তাকে সার্বক্ষণিক পুলিশ পাহারা দিয়েছিল সেদেশর সরকার। এসব কিছুকেই তার দূষণমুক্ত জ্বালানির জন্য প্রচারাভিযানের প্রতি মানুষের আগ্রহ এবং সমর্থন হিসেবে দেখেছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫৮ ঘ.
bdnews24