ওয়াশিংটন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুয়ান্তানামোতে বন্দীদের অসাংবিধানিকভাবে আটক রাখা হয়েছে উল্লেখ করে বুধবার মার্কিন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। তাদের পক্ষে যুক্তি তুলে ধরবেন আইনজীবীরা। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের ক্ষয়প্রাপ্ত মানবাধিকার রেকর্ডের বিষয়টিও নজরে আনবেন।
বন্দীশিবিরের ৩৬ বন্দীর পক্ষের আইনজীবীর আবেদন শুনবেন মার্কিন সর্বোচ্চ আদালতের নয় বিচারক। বন্দীরা এর আগে অভিযোগ করেছে, কিউবার মার্কিন নৌ ঘাঁটিতে ২০০৬ সালে একটি আইনের আওতায় আটকাদেশের বিরুদ্ধে তাদের চ্যালেঞ্জ জানাতে দেওয়া হয়নি।
বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও মানবাধিকার কর্মীরা গুয়ান্তানামো বন্দীদের বিচারের বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা অভিযোগ করেছে, ১১ সেস্টেম্বরের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন।
তবে বুশ প্রশাসন দাবি করেছে, সন্ত্রাসাদের বিরুদ্ধে নতুন ধাঁচের যুদ্ধে আটকাদেশ আইনসঙ্গত ও প্রয়োজনীয়।
বুশ প্রশাসন আদালতকে জানিয়েছে, "কোনো সুুনির্দিষ্ট যোদ্ধা নেই এমন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধের ক্ষমতা কংগ্রেস তাদের দিয়েছে। এ ধরনের যুদ্ধে ওই সংগঠনের সদস্য ও সমর্থকদের আটক করা খুবই গুরুত্বপূর্ণ।"
তবে বন্দীরা জানিয়েছে আসছে, সাংবিধানিকভাবে তাদেরও অধিকার অছে আটকাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর। গুয়ান্তানামো বন্দীশিবিরে অনেককে বিনাবিচারের ছয় বছরেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে।
বন্দীদের আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রের প্রতিষ্ঠাতারা যে সংবিধান প্রণয়ন করে গেছেন সেখানে প্রত্যেক নাগরিককে স্বাধীনতা ভোগের অধিকার দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাউকে বিনাবিচারে আটকে রাখা অসাংবিধানিক।
বুধবার সকাল দশটা থেকে আইনজীবীদের মৌখিক যুক্তিতর্ক শুরু হয়ে তা এক ঘণ্টা চলতে পারে। আদালত আগামী গ্রীস্মে এ ব্যাপারে রায় দিতে পারে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24