নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে মরুকরণ ও ঝড়-ঝঞ্জা থেকে অর্থনীতিকে মুক্ত রাখতে জলবায়ুর সঙ্গে সঙ্গতিপূর্ণ বা "মানানসই অর্থনীতি" গড়ে তোলার উপায় খুঁজছে সুদান থেকে উরুগুয়ে পর্যন্ত গরিব দেশগুলো।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের ওপর গবেষণা করে ৩৫০ জন বিশেষজ্ঞ মিলে এ সংক্রান্ত মোট ২৪ টি প্রতিবেদন উপস্থাপন করেছেন বালি সম্মেলনে। একটি উষ্ণ পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন উপায়ের প্রায় ৯০ লাখ পর্যালোচনা হাজির করা হয়েছে এসব প্রতিবেদনে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এর প্রধান আসিম স্টেইনার বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বাধীন প্রচেষ্টায় বেশি জোর দেওয়া হয়েছে গ্রিনহাউস গ্যাস নির্গমনসহ এ সংক্রান্ত বিষয়ে। কিন্তু মরুকরণ, ভূমিধস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার মতো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে জনগণকে সাহায্য করার উপায় নিয়ে তেমন ভাবা হয়নি।
স্টেইনার বলেন, "খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি হল নজর এড়িয়ে যাওয়া বড় ইস্যুগুলোর একটি।"
তিনি বলেন, এ প্রতিবেদনগুলো বিভিন্ন দেশের স্থানীয় পর্যায়ে মানানসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা জোরদারের মূল ভিত্তি হতে পারে।
এসব প্রতিবেদনে বলা হয়, এ শতাব্দীতে লাখ লাখ মানুষকে বাঁচিয়ে রাখতে খরার প্রভাবমুক্ত শস্য ফলানোর প্রচেষ্টা, উন্নত সেচ ও ঝড়ের পূর্বাভাস ব্যবস্থার মতো পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন দেশের স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে এসব প্রতিবেদনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০১ ঘ.
bdnews24